Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতের কাজিপাড়ায় টাকি রোড অবরোধ অটোচালকদের

এলপিজির লাগাতার মূল্যবৃদ্ধি এবং বিল ছাড়া গ্যাস দেওয়ার প্রতিবাদে বুধবার টাকি রোড অবরোধ করে বারাসতের কাজিপাড়ার একটি পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন অটোচালকরা।

বারাসতের কাজিপাড়ায় টাকি রোড অবরোধ অটোচালকদের
  • ২৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এলপিজির লাগাতার মূল্যবৃদ্ধি এবং বিল ছাড়া গ্যাস দেওয়ার প্রতিবাদে বুধবার টাকি রোড অবরোধ করে বারাসতের কাজিপাড়ার একটি পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন অটোচালকরা। এর জেরে টাকি রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে বারাসত থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পাম্প মালিকের দাবি, বেশি টাকায় গ্যাস কিনতে হচ্ছে। তাই লিটার পিছু গ্যাসের দামও বাড়াতে হচ্ছে। 

Advertisement

মধ্য এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে এলপিজির মূল্যবৃদ্ধি হওয়ায় ব্যাপক সংকটে পড়েছেন অটোচালকরা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ালে তবেই মিলছে গ্যাস। বারাসতের কাজিপাড়া এলাকায় রয়েছে গ্যাস রিফিলের একটি পাম্প। সংকটময় পরিস্থিতিতে মধ্যমগ্রাম-সোদপুর রুটের অটোচালকরা কিছুদিন ধরেই কাজিপাড়ায় এসে অটোয় গ্যাস ভরাচ্ছেন। মঙ্গলবার রাত ১টা থেকে অনেক অটোচালক অটো নিয়ে পাম্পে গিয়ে লাইন দিয়েছেন। বুধবার পাম্প খুলতেই চালকরা জানতে পারেন, লিটার প্রতি গ্যাসের দাম বেড়ে হয়েছে প্রায় ৮৬ টাকা। তাঁদের দাবি, দফায় দফায় দাম বাড়িয়ে চলেছেন পাম্পের মালিক। গ্যাসের অত্যধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন কাজিপাড়া এলাকায় টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান অটোচালকরা। কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়। 
অটোচালক অভিজিৎ পোদ্দার বলেন, ৫২ টাকা থেকে দাম বেড়েই চলেছে। এখন লিটার পিছু ৮৬ টাকা নেওয়া হচ্ছে। আমরা তো যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নিচ্ছি না! এত দাম দিয়ে গ্যাস কিনে অটো চালাব কীভাবে? আর এক অটোচালক মহম্মদ সাবিরুদ্দিন বলেন, পাম্প মালিক এমনিতেই লিটার পিছু গ্যাসের দাম বেশি নিচ্ছে, বিলও দিচ্ছে না। তার প্রতিবাদেই আমরা রাস্তা অবরোধ করেছি। এ প্রসঙ্গে পাম্পের মালিক জিয়াউদ্দিন মল্লিক বলেন, আমি বেশি দামে গ্যাস কিনছি। ফলে বেশি দামে তো বিক্রি করতেই হবে।

সম্পর্কিত সংবাদ