মেলবোর্ন: সিডনির বন্ডি বিচে নারকীয় হামলায় ১৫ জনের মৃত্যু হয়েছিল। সেই দুঃসহ ঘটনার ক্ষত মুছতে পারেনি অস্ট্রেলিয়া। এরমধ্যেই আরও একটি হামলার ছক বানচাল করে দিল পুলিশ। বৃহস্পতিবার ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ধৃতদের সঙ্গে বন্ডি হামলার কোনও যোগসূত্র পাওয়া যায়নি। নিউ সাউথ ওয়েলস পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘হামলার ছক রয়েছে, খবর পেয়ে দু’টি গাড়িকে ধাওয়া করেন স্পেশাল ট্যাকটিস শাখার আধিকারিকরা। সাতজনকে গ্রেফতার করা হয়েছে।’ এরইমধ্যে জানা গিয়েছে, বন্ডি বিচে হামলার সময় এক আততায়ীকে নিরস্ত করতে ঝাঁপিয়ে পড়েছিলেন এক ভারতীয় বংশোদ্ভূত।
ঘটনার দিনে নিজের অভিজ্ঞতার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন ৩৪ বছরের অমনদীপ সিং বোলা । অভিশপ্ত ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে ইহুদিদের উৎসবে হামলা চালিয়েছিল দুই জঙ্গি সাজিদ আক্রম এবং তার ছেলে নাভিদ আক্রম। এরমধ্যে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাজিদের। জখম নাভিদের চিকিৎসা চলছে। এই সাজিদকে খতম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমনদীপ। তাঁর ভূমিকা সামনে আসতেই বীরের মর্যাদা পাচ্ছেন ৩৪ বছর এই ভারতীয় বংশোদ্ভূত। অমনদীপ জানাচ্ছেন, কোনও একজন আততায়ীকে তিনি বাগে আনতে চেয়েছিলেন। পাশাপাশি যাদের সাহায্যের প্রয়োজন, তাঁদের দিকে সাহায্যের হাত বাড়ানোই লক্ষ্য ছিল তাঁর।
আমনদীপের বাবা ভারতীয়। মা নিউজিল্যান্ডের। জন্ম ওয়েলিংটনে হলেও এখন থাকেন অস্ট্রেলিয়ায়। এসবিএস নিউজের খবর অনুযায়ী, গুলির শব্দ পেয়ে তিনি বন্ডি সৈকতের সেতুর কাছে ছুটে যান। তাঁর কথায়, ‘আমি বন্দুকবাজের উপর লাফিয়ে পড়ে তার হাত চেপে ধরি। পুলিশ আধিকারিকরা আমাকে নির্দেশ দিলেন— একদম ছাড়বেন না।’ পেশায় ব্যক্তিগত প্রশিক্ষক আমনদীপ আরও জানান, ‘সেদিন যে গুলি চলছিল, তা বুঝতেই পারিনি। ভেবেছিলাম কেউ বাজি ফাটাচ্ছে। তবে ঘটনার গুরুত্ব বুঝতে পেরে একটি জায়গায় লুকিয়ে পড়ি। কেবল দেখতে চেয়েছিলাম বন্দুকবাজ কোথায় রয়েছে। তাকে দেখার পর আর দেরি করিনি। পুলিশ গুলি করার পরে আততায়ীকে ধরে সামনের দিকে পড়ে যাই। বুঝতে পারি, সে মারা যাচ্ছে।’