নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সত্তর আসনে লড়ে মিলেছিল মাত্র ১৯। তাই এবার বিহারে আর বেশি আসনের জন্য জেদাজেদি করবে না কংগ্রেস। লালুপ্রসাদ যাদবের দল আরজেডি যে আসন দেবে, তাতেই সন্তুষ্ট থাকতে দলকে নির্দেশ দিয়েছেন রাহুল গান্ধী। এবার লক্ষ্য বিহারে বিজেপি তথা এনডিএকে হারানো। তাই মহাজোটে যেন সামান্য কোনও জট না হয়, গোড়া থেকেই সে বিষয়ে সতর্ক কংগ্রেস। একইসঙ্গে প্রবল চেষ্টা চলছে, প্রয়াত রামবিলাস পাসোয়ানের ভাই পশুপতি কুমার পারসকে মহাজোটে টানার। আগে তিনি এনডিএ শরিক থাকলেও এখন মোদি-শাহর সঙ্গ ছেড়েছেন। তাই তাঁর দল রাষ্ট্রীয় লোকজনশক্তি পার্টিকে মহাজোটে শামিল করতে পারলে মোদি বিরোধী জোট শক্তিশালী হয়। রাজনৈতিক সূত্রে খবর, লালুপ্রসাদ যাদব তাঁর সঙ্গে কথা বলছেন।



