নিজস্ব প্রতিনিধি, হাওড়া: লোহার স্ক্র্যাপের গোডাউনে চুরির চেষ্টাকে কেন্দ্র করে বুধবার সকালে উত্তেজনা ছড়াল লিলুয়ার গোলবাড়ি এলাকায়। অভিযোগ, চুরির ঘটনায় জড়িত তিন যুবককে হাতেনাতে ধরে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি দেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে তিন দুষ্কৃতী প্রথমে একটি বাড়ির বাইরে রাখা সাইকেল ভ্যানের তালা ভেঙে সেটি চুরি করে। এরপর ওই ভ্যান ব্যবহার করে তারা কাছেই একটি লোহার স্ক্র্যাপের গোডাউনের পিছনের দেওয়ালে বড়ো গর্ত করে ভিতরে ঢোকে। সেখান থেকে লোহার ছাঁট চুরি করে ভ্যানে তুলে পালানোর চেষ্টা করে। কিন্তু অতিরিক্ত ওজনের কারণে ভ্যানের চাকা বেঁকে যাওয়ায় সেটি ফেলে রেখেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, চুরি হওয়া ভ্যানটি যে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল, তার কাছেই ফেলে রেখে যায় অভিযুক্তরা। বুধবার সকালে ভ্যানটি তারা নিয়ে যেতে এলে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তিনজনকে শনাক্ত করা হয়। এরপর তাদের হাতেনাতে ধরে কোমরে দড়ি বেঁধে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, চুরির অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তরা মূলত নেশার টাকা জোগাড় করতেই চুরির চেষ্টা চালিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।



