Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সিলিন্ডার সরবরাহ নিয়ে জটিলতার জের, আইওসি বটলিং প্লান্টে হামলা, বজবজে গ্যাস সিলিন্ডারের মুখ খুলে আগুন ধরানোর চেষ্টা

বজবজের আইওসি বটলিং প্লান্টে অচলাবস্থা শুরু হয়েছে। গত দু’দিন ধরে সিলিন্ডার ভর্তি রান্নার গ্যাস প্লান্ট থেকে বেরচ্ছে না। কারণ লোডিং ও আনলোডিংয়ের কাজ বন্ধ করে দিয়েছেন গাড়িচালক ও খালাসিরা।

সিলিন্ডার সরবরাহ নিয়ে জটিলতার জের, আইওসি বটলিং প্লান্টে হামলা, বজবজে গ্যাস সিলিন্ডারের মুখ খুলে আগুন ধরানোর চেষ্টা
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: বজবজের আইওসি বটলিং প্লান্টে অচলাবস্থা শুরু হয়েছে। গত দু’দিন ধরে সিলিন্ডার ভর্তি রান্নার গ্যাস প্লান্ট থেকে বেরচ্ছে না। কারণ লোডিং ও আনলোডিংয়ের কাজ বন্ধ করে দিয়েছেন গাড়িচালক ও খালাসিরা। বেশ কয়েকটি দাবিকে সামনে রেখেই আন্দোলনে নেমেছেন তাঁরা। মঙ্গলবারও একই অবস্থা ছিল। বুধবারও অচলাবস্থা চলবে বলে আন্দোলনকারীদের একাংশের বক্তব্য। এই পরিস্থিতি চলতে থাকলে দক্ষিণ ২৪ পরগনা, কলকাতার একাংশ ও শহর সংলগ্ন বেশ কিছু এলাকায় গ্রাহকদের রান্নার গ্যাসের সিলিন্ডার পেতে সমস্যা হতে পারে। এমনটাই আশঙ্কা সিলিন্ডার বণ্টনকারী এজেন্সির। এদিকে, এদিন রাতে আন্দোলন তুলে নেওয়ার জন্য আন্দোলনকারীদের উপর চাপ দিতে মাঠে নামে দুষ্কৃতীরা। হামলাও চালায় তারা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। বাইকে করে একদল যুবক এসে চালক ও খালাসিদের মারধর করে বলে অভিযোগ। তাঁরাও পাল্টা প্রতিরোধ করেন। এরপর দু’পক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয়। এক সময় আন্দোলনকারীরা গ্যাস ভর্তি সিলিন্ডারের মুখ খুলে আগুন ধরানোর চেষ্টা করেছিল। পরে পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। দু’পক্ষকেই সরিয়ে দেওয়া হয়। গোলমালের পর ঘটনাস্থলে একাধিক বাইক পড়েছিল। আন্দোলনকারীদের অভিযোগ, তৃণমূলের একাংশ এই হামলার সঙ্গে যুক্ত। 

Advertisement

বজবজের আইওসি বটলিং প্লান্টে সিলিন্ডার লোডিং ও আনলোডিংয়ের কাজে যুক্ত দু’শোর বেশি লরি। প্রতিদিন এখান থেকে গড়ে ২০০টি গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়ি শহর ও শহরতলির বিভিন্ন পয়েন্টে যায়। এইসব গাড়িচালক ও খালাসিদের সংগঠন আছে। যা তৃণমূল নিয়ন্ত্রিত। উল্লেখ্য, আট-ন’মাস আগে বকেয়া টাকার দাবিতে ওই সংগঠনের সদস্যরা ধর্মঘট করেছিলেন। তখন বকেয়া না পাওয়ার কারণ হিসেবে ইউনিয়নের সম্পাদককে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন সদস্যরা। তার জেরেই তৈরি হয়েছিল অচলাবস্থা। শেষ পর্যন্ত ওই সম্পাদককে সরিয়ে তৃণমূল নেতৃত্ব বিষয়টি স্বাভাবিক করে। নতুন সম্পাদক করা হয় বজবজ ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাসকে। এখন সদস্যদের একাংশ চাইছে, বয়স্ক চালকদের দূরে নয়, কাছাকাছি সিলিন্ডার পৌঁছে দেওয়ার সুবিধা দেওয়া হোক। অন্য একটি অংশ চাইছে, কাছে বা দূরে নয়— সবার জন্য এক নিয়ম করা হোক। এ নিয়ে সদস্যদের মধ্যেই মতভেদ তৈরি হয়েছে। এই প্রশ্নের সমাধান না হওয়ায় কোনও গাড়ি বেরচ্ছে না। অচলাবস্থার কথা স্বীকার করেছেন সংগঠনের সম্পাদক কানাইবাবু। তিনি বলেন, আলোচনা করে বিষয়টি মেটানোর চেষ্টা চালাচ্ছি। আশা করছি বুধবারের মধ্যে ঠিক হবে। তবে এদিনের হামলা প্রসঙ্গে তাঁর দাবি, এই ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নয়। বটলিং প্লান্টের অপর একটি গোষ্ঠী এই কাজ করেছে। এদিকে, রান্নার গ্যাসের ডিস্ট্রিবিউটররা দাবি করেছেন, বুকিংয়ের একদিনের মধ্যেই তাঁরা এখন সিলিন্ডার ডেলিভারির চেষ্টা করেন। কিন্তু বজবজের প্লান্টে অচলাবস্থা তৈরি হওয়ায় ডেলিভারির দিন পিছবে। তাতে গ্রাহকদের হয়রানি বাড়বে। ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যা মিটবে বলে আশাবাদী। তারা জানিয়েছে, গত শনিবার সমস্যা তৈরি হয়েছিল। সেদিন কয়েকটি গাড়ি বেরতে পারেনি। সোমবার থেকে কাজ পুরোপুরি বন্ধ। তবে গ্রাহকদের যাতে অসুবিধা না হয়, তার জন্য কল্যাণী, হলদিয়া সহ নিকটবর্তী প্লান্টগুলি থেকে সিলিন্ডার সরবরাহ করা হবে।-নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ