নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাতের অন্ধকারে প্রাক্তন কাউন্সিলারের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল বারাসতে। অভিযোগ, বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ মুখ ঢাকা পাঁচ-ছ’জন দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়। জানালার কাচ, গ্রিলসহ বাড়ির একাধিক অংশে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। হামলাকারীরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজও করে বলে দাবি করেছেন বারাসত পুরসভার প্রাক্তন কাউন্সিলার সৌমেন আচার্য। তাঁর অভিযোগ, হামলাকারীরা বিজেপির কর্মী। দীর্ঘদিন ধরে এলাকায় বিজেপির সঙ্গে যুক্ত কয়েকজন এই ধরনের কাজ করে আসছেন।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় বারাসত থানার পুলিশ। বাড়ির ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার পাশাপাশি হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা শুরু হয়েছে। সৌমেনের অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করেছে পুলিশ। প্রাক্তন কাউন্সিলার সৌমেনবাবু বলেন, বিষয়টি নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বকে বারবার জানানো সত্ত্বেও দলের কর্মীদের একাংশের বিরুদ্ধে এমন অভিযোগ বন্ধ হয়নি। বিজেপি দলের রাশ এখনও পুরোপুরি হাতে নিতে পারেনি নেতৃত্ব। তাই পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে, বিজেপি নেতা তাপস মিত্র বলেন, এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। সবটাই জনরোষের ফল। তৃণমূল নেতারা মানুষের সঙ্গে কি করছে বারাসতের মানুষ জানে। -নিজস্ব চিত্র