ময়নাগুড়ি: শুক্রবার রাতে ময়নাগুড়ির বোলবাড়ি এলাকার একটি রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনায় শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই গজলডোবা এলাকার একটি জঙ্গল ঘিরে ফেলেছে পুলিস। ওই জঙ্গলেই দুষ্কৃতীরা রয়েছে বলে অনুমান। একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিস।
জানা গিয়েছে, শুক্রবার রাতে ময়নাগুড়ি থানার পেট্রোলিং ভ্যান যখন টহল দিচ্ছিল সেই সময় একটি গাড়ি দেখে তাদের সন্দেহ হয়। কিছু সময় পর খবর আসে এটিএমএ কিছু একটা হচ্ছে। এরপর খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিসের বিরাট দল ঘটনাস্থলে আসে। পিছু নেওয়া হয় সন্দেহজনক গাড়িটিকে। খবর দেওয়া হয় জলপাইগুড়ি জেলার অন্য সব থানা সহ শিলিগুড়ি পুলিস কমিশনারেটে। গজলডোবা এলাকায় পুলিসকে দেখে গাড়ি রেখে চম্পট দেয় অভিযুক্তরা। রাত একটা থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় একটি জঙ্গলে চলছে পুলিসি অভিযান। এটিএম থেকে কত টাকা চুরি হয়েছে তা এখনও জানা যায়নি।