Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

কোরিয়া মাস্টার্সে চ্যাম্পিয়ন অস্মিতা

ভারতীয় ব্যাডমিন্টনে আরও এক নতুন সম্ভাবনার আবির্ভাব। গত সপ্তাহে তাইপে ওপেন জিতে সাড়া ফেলেছিলেন তানভি শর্মা। সেই রেশ কাটার আগেই কোরিয়া মাস্টার্সে বাজিমাত অস্মিতা চালিহার।

কোরিয়া মাস্টার্সে চ্যাম্পিয়ন অস্মিতা
  • ১০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সিওল: ভারতীয় ব্যাডমিন্টনে আরও এক নতুন সম্ভাবনার আবির্ভাব। গত সপ্তাহে তাইপে ওপেন জিতে সাড়া ফেলেছিলেন তানভি শর্মা। সেই রেশ কাটার আগেই কোরিয়া মাস্টার্সে বাজিমাত অস্মিতা চালিহার। রবিবার মহিলাদের সিঙ্গলস ফাইনালে তিনি হারালেন চতুর্থ বাছাই চীনা তারকা হান চিয়ান শি’কে। ৫৩ মিনিটের লড়াইয়ে শুরুতে পিছিয়ে পড়েও হাল ছাড়েননি গুয়াহাটির ২৬ বছরের শাটলার। তাঁর পক্ষে ম্যাচের ফল ১৪-২১, ২১-১৪, ২১-১৪। প্রথম ভারতীয় হিসেবে কোরিয়া মাস্টার্সে চ্যাম্পিয়ন হওয়ার পর রীতিমতো উচ্ছ্বসিত অস্মিতা। তাঁর কথায়, ‘কেরিয়ারে প্রথমবার বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুরের খেতাব জয়ের আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। মনে হচ্ছে, স্বপ্নের ঘোরে রয়েছি। তবে আত্মতুষ্ট হওয়ার জায়গা নেই। এটা তো সবেমাত্র শুরু। আরও অনেক সাফল্য পেতে হবে। এটা আমার সংকল্প।’

Advertisement

ফাইনালে অস্মিতার লড়াইটা একেবারেই সহজ ছিল না। র‌্যাংকিংয়ে এগিয়েছিলেন চীনা খেলোয়াড় (৩৫ নম্বর)। তাঁর চেয়ে ১৫ ধাপ নীচে ভারতীয় শাটলার। তার উপর প্রথম গেম হাতছাড়া করে প্রবল চাপে পড়ে গিয়েছিলেন অস্মিতা। কিন্তু সেখান থেকেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন। দ্বিতীয় গেমে জয়ই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এরপর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। তবে হান চিয়ান শি’ও সহজে ছাড়ার পাত্রী নন। স্নায়ুর লড়াইয়ে পরিণত হয় তৃতীয় গেম। শুরুর দিকে প্রবল লড়াই হয় দু’জনের। তবে বিরতির পর প্রতিপক্ষকে আর কোনো সুযোগ দেননি অস্মিতা। আত্মবিশ্বাসের সঙ্গে একের পর এক উইনারে ম্যাচ পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। শেষ পয়েন্টে হানের স্ম্যাশ কোর্টের বাইরে পড়তেই আনন্দে কোর্টে শুয়ে পড়েন অস্মিতা।

Advertisement
সম্পর্কিত সংবাদ