Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দার্জিলিংয়ে এসআইকে গুলি এএসআইয়ের, ধৃত অভিযুক্ত

সার্ভিস রিভলভার দিয়ে ঊর্ধ্বতন অফিসারকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক এএসআইয়ের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের ডালি পুলিশ লাইনে।

দার্জিলিংয়ে এসআইকে গুলি এএসআইয়ের, ধৃত অভিযুক্ত
  • ১৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং: সার্ভিস রিভলভার দিয়ে ঊর্ধ্বতন অফিসারকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক এএসআইয়ের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের ডালি পুলিশ লাইনে। পুলিশ জানিয়েছে, ধৃত এএসআইয়ের নাম উমেশ ছেত্রী। তার গুলিতেই গুরুতর জখম হন এসআই বিনোদ থাপা। তিনি পুলিশ লাইনে রিজার্ভ অফিসারের দায়িত্ব সামলান। জানা গিয়েছে, ঘটনার দিন আচমকা দুই পুলিশ কর্মীর মধ্যে কোনো একটি বিষয়ে উত্তপ্ত বাদানুদবাদ শুরু হয়। তাঁদের মধ্যে বচসায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আচমকা নিজের সার্ভিস রিভলভার বের করে সহকর্মীর দিকে তাক করে গুলি চালিয়ে দেয় উমেশ। গুলি সোজা গিয়ে বিনোদবাবুর পায়ে লাগে। তৎক্ষণাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অন্যান্য সহকর্মী বিনোদবাবুকে উদ্ধার করে চিকিৎসার জন্য দার্জিলিং সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে চিকিৎসায় তিনি ভালো সাড়া দিচ্ছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। 

Advertisement

অন্যদিকে, অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার আদালতে পাঠালে বিচারক তাঁকে জেল হেপাজতের নির্দেশ দেন। তাকে জেরা করে জানা গিয়েছে, সে একাই থাকত। তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে। বাবা-মাও নেই। এমতাবস্থায় সে মানসিকভাবে অসুস্থ ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মাঝেমধ্যেই সে সহকর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ত। এমনকী ঘটনার দিন বদলির দায়িত্বে থাকা বিনোদবাবুর কাছে নিজের বদলির দাবি করেন। তাতে সাড়া না দিতেই দু’জনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। বারবার প্রাণে মেরে ফেলার হুমকি দিতে শুরু করে উমেশ। সেই কথাতে পাত্তা না দেওয়ায় আচমকাই নিজের সার্ভিস রিভলভার বের করে গুলি চালিয়ে দেয় ওই এএসআই। ঘটনার খবর পেয়ে দার্জিলিং সদর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত এএসআইকে সাসপেন্ড করেছে দার্জিলিং জেলা পুলিশ। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে তদন্ত করা হচ্ছে।  দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রতীক্ষা জাড়খড়িয়া জানান, এমন একটি ঘটনা ঘটেছে। অভিযুক্তকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। • অভিযুক্তকে নিয়ে যাচ্ছে পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ