নয়াদিল্লি: এশিয়া কাপের প্রথম ম্যাচে আমিরশাহির বিরুদ্ধে তিন স্পিনার নিয়ে নেমেছিল ভারত। রবিবার পাকিস্তানের বিরুদ্ধেও কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেলের খেলার কথা। সূর্যকুমার যাদবের দল এই মেগা ম্যাচেও সম্ভবত একমাত্র বিশেষজ্ঞ পেসার হিসেবে যশপ্রীত বুমরাহকে নিয়েই নামবে। আর তাতেই আপত্তি রবিচন্দ্রন অশ্বিনের। নিজস্ব ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘এটা অবাক করার মতো বিষয় হলেও গৌতম গম্ভীরের জমানায় নতুন নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত একজন পেসার নিয়ে খেলেছে। ওখানেও অর্শদীপ সিংকে খেলানো যেত। মনে হচ্ছে, টি-২০ বিশ্বকাপ পর্যন্ত এটাই ভারতের থিম।’
আটজন ব্যাটার নিয়ে খেলার নীতিও মানতে পারছেন না অশ্বিন। তাঁর কথায়, ‘ভারত ব্যাটিং গভীরতা বাড়িয়ে নামছে। কিন্তু আমিরশাহির বিরুদ্ধেও কি বাড়তি ব্যাটারের প্রয়োজন? শিবম দুবেকে পঞ্চম বোলার হিসেবে ব্যবহারের যৌক্তিকতাই বা কী? আমি যদি অর্শদীপের জায়গায় থাকতাম, তবে নির্ঘাত হতাশা গ্রাস করত। ও সর্বত্র নিজেকে প্রমাণ করেছে। কিছুদিন আগে টি-২০ ফরম্যাটে এক নম্বর বোলার ছিল। গত টি-২০ বিশ্বকাপেও ভালো বল করেছিল।’
এদিকে, পাকিস্তানের স্পিন আক্রমণ নিয়ে ভারতকে সতর্ক করে দিলেন সঞ্জয় মঞ্জরেকর। ওমানের বিরুদ্ধে চার স্পিনারে দল সাজিয়েছিল সবুজ জার্সিধারীরা। এই প্রসঙ্গে মঞ্জরেকর বলেছেন, ‘ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারে এই স্পিন আক্রমণ। একটা সময় পাক পেসারদের সামলানোই ছিল ভারতের কাছে বড় চ্যালেঞ্জ। কিন্তু এবার ওদের বোলিং আক্রমণের চেহারা একেবারে আলাদা। ওমানের বিরুদ্ধে প্রথম আট ওভারের মধ্যে ছ’টাই করেছে স্পিনাররা। মাত্র দুটো ওভার পেসারের। ভাবা যায়!’
রবিবারের মহারণ নিয়ে পাকিস্তানের প্রাক্তন তারকা ওয়াসিম আক্রাম বলেছেন, ‘হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় রয়েছি। তবে ভারত শক্তিশালী দল। দুই দলের তুলনা করলে ওরাই এগিয়ে। তবে সদ্য ত্রিদেশীয় সিরিজ জয়ের আত্মবিশ্বাস সঙ্গী হবে পাকিস্তানের। ক্যাপ্টেন সলমন আগা ও কোচ মাইক হেসন দলটাকে গড়ে তুলছে। পরিণত হতে সময় লাগবে। আমাদের দেশের ক্রিকেটপ্রেমীরা অবশ্য তাৎক্ষণিক ফল চান। সেটা পাওয়া মুশকিল। তাছাড়া দলগঠন নিয়েও প্রশ্ন থাকছে। পঞ্চম বোলার হিসেবে দু’জন পার্ট-টাইমারকে ব্যবহার করা চাপের। অন্যদিকে, ভারতের কুলদীপ ও বরুণ, দু’জনেই দুর্দান্ত বোলার। ওদের বল বোঝা কঠিন।’