Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আইপিএল থেকে অবসর অশ্বিনের, হান্ড্রেড লিগে খেলতে পারেন অ্যাশ

অবসরের হিড়িক পড়েছে ভারতীয় ক্রিকেটে। কিছুদিন আগেই টেস্ট ফরম্যাটকে আলবিদা জানিয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি। সম্প্রতি ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চেতেশ্বর পূজারা।

আইপিএল থেকে অবসর অশ্বিনের, হান্ড্রেড লিগে খেলতে পারেন অ্যাশ
  • ২৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: অবসরের হিড়িক পড়েছে ভারতীয় ক্রিকেটে। কিছুদিন আগেই টেস্ট ফরম্যাটকে আলবিদা জানিয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি। সম্প্রতি ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চেতেশ্বর পূজারা। সেই পথে হেঁটে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। আট মাস আগেই তিনি লাল বলের ক্রিকেটকেও আলবিদা জানিয়েছেন। সমাজমাধ্যমে অশ্বিন লিখেছেন, ‘আজ গণেশ চতুর্থী। বিশেষ দিনেই আইপিএল থেকে অবসর নিচ্ছি। একই সঙ্গে নতুন করে শুরু।’

Advertisement

আইপিএলে মোট ২২১টি ম্যাচ খেলেছেন অ্যাশ। নিয়েছেন ১৮৭ উইকেট। ঝুলিতে রান ৮৩৩। ২০১০ ও ২০১১ সালে চেন্নাই সুপার কিংসের আইপিএল জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন তারকা স্পিনার। গতবারও তিনি হলুদ জার্সি অর্থাৎ চেন্নাই সুপার কিংসের হয়েই খেলেছেন। 
এখানেই কি অশ্বিনের ক্রিকেট যাত্রা শেষ? হয়তো নয়। তিনি ভারতের সব ধরনের লিগ ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেও ইচ্ছা রয়েছে বিদেশে খেলার। অতীতে দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগেও খেলেছেন। এবার অন্য দেশের ক্রিকেট লিগে খেলতে আর কোনও বাধা রইল না। অশ্বিন আরও বলেছেন, ‘অনেক স্মৃতি ভিড় করছে মনের মণিকোঠায়। ফ্র্যাঞ্চাইজি মালিকদের ধন্যবাদ, কারণ আজ যা পেয়েছি সবই তাদের জন্য। একই সঙ্গে বোর্ড এবং আইপিএলের কাছেও কৃতজ্ঞ। আগামী দিনে অনেক সুযোগ আসবে। সেগুলো আমি নিজের মতো উপভোগ করতে চাই।’
অশ্বিন আসলে দেওয়াল লিখন পড়তে পারছিলেন। ২০২৫ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাত্র ন’টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। তা নিয়ে যথেষ্ট বিরক্ত ও অসন্তুষ্ট ছিলেন তারকা স্পিনার। রাখঢাক না করেই অশ্বিন এই প্রসঙ্গে বলেন, ‘গত বছর আমি মাত্র ন’টা ম্যাচ খেলেছি। আইপিএল কেরিয়ারে এমনটা কখনও হয়নি। নিজেকে প্রশ্ন করেছিলাম, আমার সঙ্গে এটা হচ্ছে কেন? তাহলে কি আমার অন্য পথ বেছে নেওয়া উচিত?’ শোনা যাচ্ছে, অশ্বিনকে চেন্নাই সুপার কিংসের অ্যাকাডেমির দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি রাজি হবেন কিনা সেটা সময় বলবে। তবে অশ্বিনের মতো বর্ণময় চরিত্রকে অবশ্যই মিস করবে কোটিপতি লিগের দর্শকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ