চেন্নাই: পরের আইপিএলের আগে ঢেলে দল সাজাতে চাইছে চেন্নাই সুপার কিংস। কয়েকদিন আগেই ধোনির উপস্থিতিতে চেন্নাইয়ে এক মিটিং হয়। সেখানে ছিলেন ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ও। মোটামুটি ঠিক হয়েছে, পরের মরশুমের জন্য স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে আর রাখা হবে না। ৩৮ বছরের স্পিনারকে নিলামে ৯.৭৫ কোটি টাকা দিয়ে নিয়েছিল সিএসকে। কিন্তু আশানুরূপ পারফরম্যান্স মেলে ধরতে পারেননি অ্যাশ। ন’টি ম্যাচে পেয়েছিলেন সাতটি উইকেট। অশ্বিন যেহেতু স্থানীয় ক্রিকেটার, তাই তাঁকে চেন্নাই সুপার কিংসের অ্যাকাডেমির ডিরেক্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি বর্ষীয়ান স্পিনার। তিনি অন্য দলে যোগ দেওয়ার সম্ভাবনা ঝালিয়ে দেখছেন। কারণ, চেন্নাই সুপার কিংসের অ্যাকাডেমির ডিরেক্টর হলে অন্য দলের হয়ে আইপিএলে খেলতে পারবেন না অশ্বিন। স্বার্থের সংঘাতের আইনে বাধার মুখে পড়বেন। তাই ভেবেচিন্তে এগতে চাইছেন অশ্বিন।



