চণ্ডীগড়: রাজস্থানের পর পাঞ্জাব। দিন কয়েক আগে রাজস্থান থেকে ধরা পড়েছিল এক পাক চর। এবার পাক চর সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পাঞ্জাব পুলিস। তাদের নাম পলক শের মাসিহ ও সূরজ মাসিহ। ধৃতদের বিরুদ্ধে অমৃতসরের বায়ুসেনা ঘাঁটি ও সেনা ক্যান্টনমেন্ট এলাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবি ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ রয়েছে। ডিরেক্টর জেনারেল অব পুলিস গৌরব যাদব জানিয়েছেন, অমৃতসর কেন্দ্রীয় জেলে বন্দি রয়েছে হরপ্রীত সিং ওরফে পিট্টু নামে এক ব্যক্তি। তার মাধ্যমেই পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল পলক ও সূরজের। শনিবার বিশেষ সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে। প্রসঙ্গত, গত সপ্তাহে পুলিসের উপর গ্রেনেড হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট বব্বর খালসা ইন্টারন্যাশনালের সদস্যরা। গ্রেপ্তার করা হয় এই সংগঠনের পাঁচজনকে। তাদের থেকে একটি হ্যান্ড গ্রেনেড, দশমিক ৩২ বোরের দেশি পিস্তল ও পাঁচটি কার্তুজ বাজেয়াপ্ত করা হয়। তদন্তে নেমে পুলিস জানতে পারে, গ্যাংস্টার জিওয়ান ফৌজি বিদেশের মাটিতে বসে পাকিস্তানের হয়ে বিভিন্ন নাশকতামূলক কাজকর্ম করে। একাজে তাকে সাহায্য করত ধৃতরা।



