Bartaman Logo
২১ জুলাই, ২০২৬

বিদ্বেষ নিয়ে আমাদের ভাষণ দিচ্ছেন আপনি? যোগীকে ঠেস স্ট্যালিনের

আসন পুনর্বিন্যাস ও বাধ্যতামূলকভাবে তিন ভাষাশিক্ষার নীতি নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে ‘জেহাদ’ ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

বিদ্বেষ নিয়ে আমাদের ভাষণ দিচ্ছেন আপনি? যোগীকে ঠেস স্ট্যালিনের
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই ও নয়াদিল্লি: আসন পুনর্বিন্যাস ও বাধ্যতামূলকভাবে তিন ভাষাশিক্ষার নীতি নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে ‘জেহাদ’ ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এই ইস্যুতে একটি সাক্ষাৎকারে ডিএমকে সুপ্রিমোর বিরুদ্ধে তোপ দাগেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই বিজেপি নেতার অভিযোগ ছিল, স্ট্যালিন ধর্ম ও ভাষার ভিত্তিতে বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন। এবার যোগীর বিরুদ্ধে পাল্টা সুর চড়ালেন স্ট্যালিনও। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে তিনি হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে তামিলনাড়ুর দীর্ঘ লড়াইয়ের পক্ষে সওয়াল করেছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী লিখেছেন, আসন পুনর্বিন্যাস ইস্যু ও তিন ভাষার পরিবর্তে দুই ভাষা নীতি নিয়ে আমাদের রাজ্যের ন্যায্য ও দৃঢ় কণ্ঠস্বর এখন গোটা দেশেই প্রতিফলিত হচ্ছে। এর ফলে স্বাভাবিকভাবেই বিজেপিকে হামাগুড়ি দিতে হচ্ছে। আর মাননীয় যোগী আদিত্যনাথজি বিদ্বেষ নিয়ে আমাদের ভাষণ দিচ্ছেন? মাফ করবেন। এটা কোনও বিদ্রুপ নয়— রাজনৈতিক ‘ব্ল্যাক কমেডি’ তার অন্ধকারতম অংশে পৌঁছে গিয়েছে। ডিএমকে সুপ্রিমোর দাবি, তাঁর দল কোনও ভাষার বিরোধী নয়। বরং কোনও একটি নির্দিষ্ট ভাষা জোর করে চাপিয়ে দেওয়া ও অরাজকতার বিরুদ্ধে। যোগীকে কটাক্ষ করে স্ট্যালিন আরও লিখেছেন, ভোটের জন্য দাঙ্গার রাজনীতি নয়, এই লড়াই ন্যায়বিচার ও মর্যাদারক্ষার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ