Bartaman Logo
৯ জুন, ২০২৬

এবার বিমানে নিষিদ্ধ হতে চলেছে পাওয়ার ব্যাংক?

মোবাইল ফোন ও ল্যাপটপের সঙ্গে পাওয়ার ব্যাংক বর্তমানে অত্যবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে। অফিস হোক কিংবা বেড়ানো—সর্বত্রই এর প্রয়োজনীয়তা বাড়ছে।

এবার বিমানে নিষিদ্ধ হতে চলেছে পাওয়ার ব্যাংক?
  • ২৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মোবাইল ফোন ও ল্যাপটপের সঙ্গে পাওয়ার ব্যাংক বর্তমানে অত্যবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে। অফিস হোক কিংবা বেড়ানো—সর্বত্রই এর প্রয়োজনীয়তা বাড়ছে। কিন্তু, এবার এই সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে কড়া বিধিনিষেধ জারি করতে চলেছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। বিমানের মধ্যে পাওয়ার ব্যাংক নিষিদ্ধ করার কথাও ভাবছে তারা। কিন্তু, কেন? অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে খবর, সম্প্রতি দিমাপুরগামী ইন্ডিগোর বিমানে এক যাত্রীর পাওয়ার ব্যাংকে আগুন ধরে যায়। অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কেউ হতাহত হননি। তবে ওই ঘটনায় বিভিন্ন মহলে তুমুল উদ্বেগ তৈরি হয়েছে। তাই এরপরই লিথিয়াম ব্যাটারি নির্ভর ডিভাইসের ব্যবহার নিয়ে কড়া মনোভাব নিতে চলেছে ডিজিসিএ। ইতিমধ্যেই পাওয়ার ব্যাংকের ব্যবহার নিয়ে পর্যালোচনা শুরু করেছে তারা। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককেও এব্যাপারে অবগত করা হয়েছে। তারপর দুই সংস্থাই একত্রে বিমানের অভ্যন্তরীণ সুরক্ষা নিশ্চিত করতে উঠেপড়ে লেগেছে। খতিয়ে দেখা হচ্ছে, পাওয়ার ব্যাংক কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে? বিমানের মধ্যে এটির ব্যবহার আটকানো দরকার কি না? কী কারণে আগুন ধরে গিয়েছিল? পর্যালোচনার পর প্রয়োজনে বিমানের মধ্যে পাওয়ার ব্যাংক নিষিদ্ধ করা হতে পারে বলেও খবর।

Advertisement

অক্টোবর মাসের শুরুতেই সমস্ত বিমানে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ করেছে এমিরেটস এয়ারলাইন্স। যাত্রীরা শুধুমাত্র ১০০ ওয়াট-আওয়ার্সের কম ক্ষমতা সম্পন্ন পাওয়ার ব্যাংক নিয়ে বিমানে উঠতে পারবেন। কিন্তু, কোনওভাবেই সেটিকে চার্জ দেওয়া বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। এপ্রিল মাস থেকে একই পদক্ষেপ নিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। ক্যাথে প্যাসিফিক ও কাতার এয়ারওয়েজও যাত্রীদের পাওয়ার ব্যাংক ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে। এবার কী সেই পথই অনুসরণ করতে চলেছে ডিজিসিএ? আপাতত তেমনই ইঙ্গিত মিলছে বলে দাবি সংশ্লিষ্ট মহলের।

Advertisement
সম্পর্কিত সংবাদ