Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

মিলেছে অনুমোদন, এবার সুদের টাকা পাবেন ইপিএফ গ্রাহকরা

অবশেষে মিলল অর্থমন্ত্রকের অনুমোদন। ঘোষণার প্রায় তিন মাস পর সুদের টাকা পেতে চলেছেন ইপিএফ গ্রাহকরা।

মিলেছে অনুমোদন, এবার সুদের টাকা পাবেন ইপিএফ গ্রাহকরা
  • ২৫ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে মিলল অর্থমন্ত্রকের অনুমোদন। ঘোষণার প্রায় তিন মাস পর সুদের টাকা পেতে চলেছেন ইপিএফ গ্রাহকরা। শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির পথে হাঁটতে চলেছে শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও)। ইপিএফ সদস্যরা ২০২৪-২৫ আর্থিক বছরের হিসেবে ওই সুদের টাকা পাবেন। গত ২৮ ফেব্রুয়ারি দিল্লিতে ইপিএফওর অছি পরিষদের বৈঠকে পিএফে সুদ ৮.২৫ শতাংশ হারে অপরিবর্তিত রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়। কিন্তু সেই অপরিবর্তিত সুদের ক্ষেত্রেও ছাড়পত্র মিলতে বেশ কয়েক মাস গড়িয়ে গেল। যদিও অর্থমন্ত্রকের সবুজ সঙ্কেত পাওয়ার অব্যবহিত পর থেকেই যে গ্রাহকদের অ্যাকাউন্টে সুদের টাকা জমা হতে থাকবে, তা মোটেও নয়। এর পরবর্তী আরও বেশ কিছু ধাপ রয়েছে। নিয়মমতো এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করতে হবে ইপিএফওকে। সমস্ত আঞ্চলিক কার্যালয়কে সুদের টাকা ইপিএফ গ্রাহকদের অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় লিখিত নির্দেশ দিতে হবে। কিছু প্রযুক্তিগত প্রক্রিয়াও রয়েছে। অর্থাৎ, আরও অন্তত সাত-দশদিনের আগে ইপিএফ গ্রাহকদের অ্যাকাউন্টে সুদের টাকা জমা পড়া শুরু হওয়ার সম্ভাবনা কম। এমনই মনে করছে তথ্যাভিজ্ঞ মহল। এই ব্যাপারে ইপিএফও অছি পরিষদের অন্যতম সদস্য তথা শ্রমিক সংগঠন টিউসিসির শীর্ষ নেতা শিবপ্রসাদ তিওয়ারি বলেন, এটি শ্রমিক-কর্মচারীদের হকের টাকা। ফলে ছাড়পত্র এত দেরি করে দেওয়ার কোনও অর্থ নেই। অর্থমন্ত্রককে আরও আগে অনুমোদন দিতে হতো। একইসঙ্গে ইপিএফও অছি পরিষদের অন্যতম ওই সদস্যর দাবি, গত ৩১ মার্চের মধ্যে যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের পুরো টাকাই সুদ সমেত দিতে হবে। তা সুনিশ্চিত করতে হবে কেন্দ্রীয় সরকারকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ