সংবাদদাতা, উলুবেড়িয়া: শনিবার ব্রেইল পদ্ধতির আবিষ্কারক লুই ব্রেইলের ২১৫তম জন্মদিন। সারা বিশ্বে এই দিনটি আন্তর্জাতিক ব্রেইল দিবস হিসেবে পালন হয়। এদিন উলুবেড়িয়ার জগৎপুরের আনন্দ ভবন ডেফ এন্ড ব্লাইন্ড স্কুলে দিনটি পালন হয়। উপস্থিত ছিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শঙ্কর আচার্য, হাওড়া গ্রামীণ জেলা পুলিসের সুপার সুবিমল পাল, উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদব, জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক উত্তম মণ্ডল ও অন্যান্যরা। এদিন দৃষ্টিহীন ও বধির শিশুদের হাতে ব্রেইল পুস্তক, পাঠ্য পুস্তক এবং শীতবস্ত্র তুলে দেওয়া হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক অজয় দাস বলেন, ‘দু’শতাব্দী অতিক্রান্ত হয়ে গেছে। বিজ্ঞান প্রযুক্তির অভাবনীয় উন্নতি হলেও দৃষ্টিহীন শিক্ষা ব্যবস্থায় লুই ব্রেইলের যুগান্তকারী আবিষ্কার অপরিহার্য।’



