ফের শহরে পথ দুর্ঘটনা। জখম ৬। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ, রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর বাজারে। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন ঠাকুরপুকুর বাজার দিয়ে একটি চারচাকা গাড়ি বেপরোয়া ভাবে যাচ্ছিল। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে ৬ জনকে ধাক্কা মারে। শেষে একটি স্কুটারে ধাক্কা মেরে থেমে যায় গাড়িটি। সূত্রের খবর, চাকা লক হয়ে যাওয়ার জন্য থেমে যায় গাড়িটি। দুই মহিলা ছিলেন ওই গাড়িতে। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তাঁরা, দাবি স্থানীয়দের। এই দুর্ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। গাড়িটিতে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর থানার পুলিস। গাড়িটিকে আটক করা হয়েছে। ওই দুই মহিলাকেও আটক করেছে পুলিস।



