নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাবালিকা গণধর্ষণ-খুনে বাড়তে থাকা বিক্ষোভে সোমবার আরও ইন্ধন জুগিয়েছে ওই একই জায়গা থেকে আর একটি দেহ উদ্ধারের ঘটনা। মৃত ব্যক্তির নাম কৃষ্ণকান্ত হালদার। গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। নাবালিকার মৃতদেহ উদ্ধারের পর সোমবার ফের পুকুরে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তখনই এই মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পুলিশ নিয়ে আসে। ইতিমধ্যেই তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে খোঁজখবর শুরু করেছেন তদন্তকারী অফিসাররা। তাঁদের প্রশ্ন, কৃষ্ণকান্তের কি কোনো শত্রু ছিল? এই ঘটনার সঙ্গে কোনোরকম যোগাযোগ ছিল কি? এটি খুন? নাকি স্বাভাবিক মৃত্যু? রহস্যের জট এখনও বহাল। কারণ স্থানীয়দের দাবি ছিল, নাবালিকাকে হত্যা করার দৃশ্য দেখে ফেলাতেই কৃষ্ণকান্তকে হত্যা করা হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এখনও এরকম কোনও তথ্য পাওয়া যায়নি। তবে সবরকম সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।



