Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শালবনীতে এবার তৈরি হবে আরও ১৬০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র, ৬২৭ জনের কর্মসংস্থানের ছাড়পত্র নবান্নের

বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে আরও একটি মাইলফলক ছুঁতে চলেছে বাংলা। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে আরও ৮০০ মেগাওয়াটের দুটি নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করতে চলেছে রাজ্য সরকার।

শালবনীতে এবার তৈরি হবে আরও ১৬০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র, ৬২৭ জনের কর্মসংস্থানের ছাড়পত্র নবান্নের
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে আরও একটি মাইলফলক ছুঁতে চলেছে বাংলা। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে আরও ৮০০ মেগাওয়াটের দুটি নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করতে চলেছে রাজ্য সরকার। অর্থাৎ, আরও মোট ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এই প্রকল্পের জেরে। পিপিপি মডেলে অর্থাৎ বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই দুটি উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হবে। সোমবার নতুন এই দুটি কেন্দ্র গড়ে তোলার ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। 
এবিষয়ে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, শালবনীতে আরও দুটি বিদ্যুৎ কেন্দ্র তৈরির ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। এবার নিয়ম মেনে দরপত্র ডাকা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া পদক্ষেপে বাংলা আজ শিল্পের শ্রেষ্ঠ গন্তব্য হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে নয়া বিদ্যুৎ কেন্দ্র শিল্পস্থাপনের ক্ষেত্রে আরও উৎসাহ জোগাবে। 
শালবনীতে ৮০০ মেগাওয়াটের দুটি বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলছে জিন্দাল গোষ্ঠী। যার শিলান্যাস করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। যেখানে উপস্থিত ছিলেন জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল সহ অন্যান্য বিশিষ্টরা। তার কাজ চালু হয়েছে। এছাড়াও, সাগরদীঘিতে আর কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ফলে বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে অন্যতম জায়গায় থাকবে বাংলা। প্রসঙ্গত, বিগত ১৪ বছরে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে নজির সৃষ্টি করেছে বাংলা। একাধিক সভা থেকে মুখ্যমন্ত্রী বাম সরকাকে লোডশেডিংয়ের সরকার বলা হতো বলে মনে করিয়ে দিয়েছেন। বর্তমানে লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট কার্যত অতীত। যার ইতিবাচক প্রভাব পড়েছে রাজ্যের আর্থ সামাজিক ক্ষেত্রেও। 
এছাড়াও, স্থায়ী ও চুক্তি ভিত্তিক মিলিয়ে নানান দপ্তরে ৬২৭ জনকে নিয়োগের ছাড়পত্রও দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। যার মধ্যে বিচার দপ্তরে ২২টি নতুন পথ সৃষ্টি করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরে ২৩১ জন ই-মোবাইল মেডিকেল ইউনিট অ্যাটেনডেন্ট ও ২৩১ জন চালক মিলিয়ে ৪৬৪ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ করার সিদ্ধান্তও এদিন মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে। সেই সঙ্গে এদিন এসএসকেএম হাসপাতালের জন্য ১২২টি নতুন পথ তৈরি সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। মেডিকেল কলেজে কার্ডিয়াক অ্যানাস্থেসিওলজি বিভাগে তিনটি নতুন পদ সৃষ্টির প্রস্তাব পাশ হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। ওয়েস্টবেঙ্গল রেরা’য় ২৩ টি পদ সৃষ্টিরও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এরই পাশাপাশি স্কুলে লাইব্রেরিয়ান গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের বিধি পাশ হল মন্ত্রিসভায়। শিক্ষকদের মতোই শিক্ষা কর্মীদের অভিজ্ঞতার জন্য ৫ নম্বর দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে চাকরিহারাদের বাড়তি সুবিধা দেওয়ার জন্যই এই ব্যবস্থা বলে ওয়াকিবহাল মহলের দাবি।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ