নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উৎসবের মরশুমে রেলমন্ত্রক ঘোষণা করেছিল, মাত্রাছাড়া যাত্রী ভিড় সামাল দিতে সারা দেশে প্রায় ১২ হাজার স্পেশাল ট্রেন চালানো হবে। প্রধানত দীপাবলি এবং ছট উৎসবের কথা মাথায় রেখেই এহেন হাজার হাজার স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছিল রেল বোর্ড। দুর্গাপুজো উপলক্ষ্যেও কিছু স্পেশাল ট্রেন চালানোর কথা ছিল। কিন্তু এত বিপুল সংখ্যক স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা কি আদতে ‘জুমলা’ ছিল কেন্দ্রের মোদি সরকারের? সাম্প্রতিক একটি আরটিআইয়ের জবাবকে কেন্দ্র করে এই প্রশ্নে তুমুল চর্চা শুরু হয়েছে।
মধ্যপ্রদেশের বাসিন্দা সমাজকর্মী চন্দ্রশেখর গৌড় সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) জানতে চেয়েছিলেন, চলতি বছরে দীপাবলি এবং ছট পুজো উপলক্ষ্যে কত ট্রেন চালানো হয়েছে? পাশাপাশি ওইসব ট্রেনের নাম এবং নম্বর জানতে চেয়েছিলেন তিনি। একইসঙ্গে স্পেশাল ট্রেনের ভাড়ার তালিকা নিয়ে প্রশ্ন করেছিলেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, যে মোদি সরকার দেশজুড়ে ১২ হাজার স্পেশাল ট্রেন চালানোর কথা বলে যাচ্ছিল। সেই মোদি সরকারই আরটিআইয়ের জবাবে স্পেশাল ট্রেনের কোনওরকম সংখ্যাই উল্লেখ করেনি। পরিবর্তে রেল বোর্ড জানিয়েছে, এই সংক্রান্ত তথ্য বিভিন্ন জোনাল রেলওয়ের কাছে আছে। রেলের বিভিন্ন জোনের কাছে আলাদা আবেদন করুন।