


মুম্বই, ১৩ এপ্রিল: হাতে এখন প্রচুর কাজ রয়েছে দক্ষিণী তারকা প্রভাসের। একাধিক সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত তিনি। তাঁর আগামী দুই সিনেমা, ‘রাজা সাহেব’ ও ‘ফৌজি’র শ্যুটিং শেষ পর্যায়ে। সূত্রের খবর, ওই দুই সিনেমার কাজ শেষ করেই ‘অ্যানিমাল’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’র শ্যুটিং শুরু করবেন প্রভাস। আপাতত এই সিনেমার চিত্রনাট্য লেখার কাজ চলছে। ‘স্পিরিট’ সিনেমাতে একজন পুলিস অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রভাসকে। প্রচুর অ্যাকশন রয়েছে। এমনিতেই সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমাতে প্রচুর হিংসাত্মক দৃশ্য থাকে বলে অভিযোগ করেন দর্শকেরা। তবে ‘স্পিরিট’ সিনেমাতে তেমন কোনও দৃশ্য থাকবে কিনা জানা যায়নি। তবে প্রভাসকে এই সিনেমার জন্য বিশেষ টাস্ক দিয়েছেন পরিচালক সন্দীপ। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।
‘বাহুবলি’ খ্যাত তারকাকে রোগা হওয়ার নির্দেশ দিয়েছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। কিন্তু কেন এই নির্দেশ? জানা গিয়েছে ‘স্পিরিট’ সিনেমাতে প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে। সঙ্গে রয়েছে স্টান্টও। যার সবটা প্রভাসকেই করতে হবে বলে অভিনেতাকে বলে দিয়েছেন পরিচালক। কোনও বডি ডাবল ব্যবহার করা যাবে না। তাই ওজন কমিয়ে রোগা হলে প্রভাসের সেই দৃশ্যগুলি শ্যুট করতে সুবিধা হবে। এমনটাই মনে করেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
সূত্রের খবর, চলতি বছরের সেপ্টেম্বর কিংবা অক্টোবর থেকেই শুরু হবে এই সিনেমার শ্যুটিং। তবে প্রভাস ছাড়া আর কে কে অভিনয় করছেন ‘স্পিরিট’-এ, সেই বিষয়ে খোলসা করেননি পরিচালক। ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। তারপরেই ‘অ্যানিমাল পার্ক’ সিনেমার কাজে হাত দেবেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। যাতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর।