Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

আর্থিক তছরুপ মামলায় ইডির জালে অনিল ঘনিষ্ঠ

আরও অস্বস্তিতে শিল্পপতি অনিল আম্বানি। এবার আর্থিক তছরুপের অভিযোগে অনিল-ঘনিষ্ঠ অশোককুমার পালকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

আর্থিক তছরুপ মামলায় ইডির জালে অনিল ঘনিষ্ঠ
  • ১২ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আরও অস্বস্তিতে শিল্পপতি অনিল আম্বানি। এবার আর্থিক তছরুপের অভিযোগে অনিল-ঘনিষ্ঠ অশোককুমার পালকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৬৮ কোটি টাকার ভুয়ো ব্যাংক গ্যারান্টি সংক্রান্ত মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। রিলায়েন্স পাওয়ারের এগজিকিউটিভ ডিরেক্টর ও চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন অশোক। শুক্রবার প্রথমে তাঁকে জেরা করে ইডি। পরে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের (পিএমএলএ) আওতায় অশোককে হেফাজতে নেওয়া হয়। শনিবার সকালে ধৃতকে আদালতে পেশ করে কেন্দ্রীয় সংস্থা। সবদিক খতিয়ে দেখে অশোককে দু’দিনের ইডি হেপাজতে পাঠান বিচারক।

Advertisement

জানা গিয়েছে, সোলার এনার্জি কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডকে ৬৮ কোটি ২০ লক্ষ টাকার ব্যাংক গ্যারান্টি দিয়েছিল রিলায়েন্স এনইউ বিইএসএস লিমিটেড। সংশ্লিষ্ট সংস্থাটি রিলায়েন্স পাওয়ারের অধীনস্থ। অতীতে নাম ছিল মহারাষ্ট্র এনার্জি জেনারেশন লিমিটেড। পরে জানা যায়, ওই ব্যাংক গ্যারান্টি সম্পূর্ণ ভুয়ো। তদন্তে নেমে ইডি জানতে পারে, এই জালিয়াতি কাণ্ডে যুক্ত রয়েছে ওড়িশার বিসওয়াল ট্রেডলিংক। বিভিন্ন বাণিজ্যিক সংস্থার জন্য ভুয়ো ব্যাংক গ্যারান্টির ব্যবস্থা করে দিত ওই সংস্থা। ২০২৪ সালের নভেম্বরে বিসওয়াল ট্রেডলিংকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল দিল্লি পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা। অভিযোগ, ৮ শতাংশ কমিশনের বিনিময়ে এই জালিয়াতি চক্র চালাত ওই সংস্থা। সেই সময় অনিলের সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, রিলায়েন্স পাওয়ার জালিয়াতির শিকার হয়েছে। ২০২৪ সালের ৭ নভেম্বর স্টক এক্সচেঞ্জকে এ সংক্রান্ত যাবতীয় তথ্যও প্রদান করা হয় সংস্থার পক্ষ থেকে। তদন্তের অংশ হিসেবে গত আগস্টে বিসওয়াল ট্রেডলিংকের একাধিক ঠিকানায় হানা দেয় ইডি। গ্রেফতার করা হয় সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পার্থসারথী বিসওয়ালকে। এবার অনিলের বিশ্বস্ত সহযোগীও ধরা পড়ল।

Advertisement
সম্পর্কিত সংবাদ