সংবাদদাতা, বনগাঁ: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাত থেকে অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ। শুক্রবার সেই আগুনের আঁচ এসে পৌঁছয় বনগাঁর পেট্রাপোল - বেনাপোল সীমান্তে। শুক্রবার বেনাপোল সীমান্তে নো ম্যানস ল্যান্ডের ৫০০ মিটারের মধ্যে বিক্ষোভ মিছিল করে সেদেশের ছাত্র-যুব সংগঠন। সূত্রের খবর, সংগঠনের আড়ালে জামাত শিবিরের প্রায় পাঁচ শতাধিক ছাত্র-যুব ভারত বিরোধী এই বিক্ষোভে অংশ নেয়। মিছিল থেকে ওসমান হাদিকে পরিকল্পিত হত্যা এবং দিল্লির বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ আনা হয়। লং মার্চ টু বেনাপোল কর্মসূচি হিসেবে বেনাপোল সীমান্তে ওই বিক্ষোভ দেখানো হয়। এদিন সকাল ১০ টা নাগাদ বাংলাদেশি ছাত্র-যুবদের বিশাল মিছিল বেনাপোল নো ম্যানস ল্যান্ডের দিকে আসতে শুরু করে। প্রায় ৫০০ মিটার দূরে মিছিল আটকে দিলেও, পেট্রাপোল সীমান্তে তার প্রভাব পরে। ভারত বিরোধী স্লোগান শোনা যায় মিছিল থেকে। সীমান্ত পারাপারকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এদিন সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন বাংলাদেশের কুমিল্লার বাসিন্দা চম্পারানী সোম। তিনি বলেন, ‘বাংলাদেশে যেটা হচ্ছে, তা কখনই মেনে নেওয়া যায় না।’ চট্টগ্রামের বাসিন্দা এক ব্যক্তি বলেন, ‘ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে আমার দেশ। এর সমাধান কীভাবে হবে জানি না।’



