নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আমতলা প্রভাস রায় গভর্নমেন্ট আইটিআই-তে দু’টি বিভাগে ভর্তি হওয়ার ভিড় দিনদিন বাড়ছিল। সেই চাহিদার কথা মাথায় রেখে সেখানে আসন বৃদ্ধি করা হল। ফিটার এবং ইলেকট্রনিক্স বিভাগে আসন বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। আইটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, দু’টি বিভাগ মিলিয়ে বেড়েছে মোট ৬৬টি আসন। তার মধ্যে ফিটার বিভাগেই বেড়েছে ৪০টি আসন। সূত্রের খবর, আসন বৃদ্ধির পর অল্প সময়ের মধ্যে পড়ুয়ারা ভর্তিও হয়ে গিয়েছেন।
Advertisement
এই কলেজে মোট ছ’টি বিভাগ রয়েছে। গত কয়েক বছরের হিসেব বলছে, এখানে ফিটার এবং ইলেকট্রনিক্সের কাজ শিখতে পড়ুয়াদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। বিভিন্ন যন্ত্রাংশ জুড়ে কীভাবে একটি পূর্ণাঙ্গ মেশিন তৈরি হবে, ফিটার ডিপার্টমেন্টে তা হাতেকলমে শেখানো হয়। অপরদিকে, মোবাইল সহ বিভিন্ন বৈদ্যুতিন সরঞ্জাম, সোলার প্যানেল ইত্যাদি সারাইয়ের কাজ শেখানো হয় ইলেকট্রনিক্স বিভাগে। প্রতি বছর যখন ভর্তির প্রক্রিয়া শুরু হয়, তখন কাউন্সেলিংয়ের মাধ্যমে এই দু’টি বিভাগেই সবচেয়ে আগে আসন পূরণ হয়ে যায়। তারপরও অনেক ছেলেমেয়ের ভর্তির আবেদন পড়ে থাকে। এই প্রবণতা দেখে পুজোর আগে আসন বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছিল। সবদিক বিবেচনা করে এই দুই বিভাগে আসনবৃদ্ধির অনুমোদন দেওয়া হয়। এতদিন ফিটার বিভাগে ৪০টি আসন ছিল। এখন তা বেড়ে হয়েছে ৮০। ২৬ টি আসন নিয়ে চলছিল ইলেকট্রনিক্স বিভাগ। এখন হয়েছে ৫২। অধ্যাপকরা বলছেন, এই দু’টি বিভাগের শিক্ষার্থীদের অনেকেই ভালো সংস্থায় কাজ পেয়েছেন। কেউ কেউ নিজেরা ব্যবসা শুরু করে সাফল্যের মুখ দেখেছেন। এক কথায় বলতে গেলে, এই দুই বিভাগের পড়ুয়াদের কাজের বাজার ভালো বলেই চাহিদা বেশি।



