সিদ্ধান্তে অনড় অভিনেতা আমির খান। কী সিদ্ধান্ত? জানা গিয়েছে, ‘সিতারে জমিন পর’ ছবিটিকে সদ্য সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এ জমা দেওয়া হয়েছিল। ছবিতে দু’টি দৃশ্যে কাঁচি চালানোর নির্দেশ দেয় বোর্ড। তবে আমির এই কাটছাঁট করতে নারাজ। তাঁর মতে, এই দু’টি অংশ ছবির জন্য গুরুত্বপূর্ণ। দৃশ্য ও প্রেক্ষাপটের সঙ্গে অংশ দু’টি সামঞ্জস্যপূর্ণ। তাই আমির চান কাঁচি চালানো ছাড়াই ছবিকে মুক্তির ছাড়পত্র দেওয়া হোক। আমির এই সিদ্ধান্তে অনড় থাকায় এখনও সেন্সর সার্টিফিকেট পায়নি ছবিটি। আগামী ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা আমির অভিনীত ও প্রযোজিত এই সিনেমা। এ কারণে আজ, সোমবার ফের সেন্সর বোর্ডের দ্বারস্থ হবেন অভিনেতা। বোর্ডকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানাবেন তিনি। মনে করা হচ্ছে, আগামী কাল, মঙ্গলবারের মধ্যে সমস্যার সমাধান হবে। তারপরই শুরু হবে ছবির অগ্রিম বুকিং।



