মুম্বই: রাস্তার পাশে পাতলা কাঁথা দিয়ে ঘিরে রেখেছেন দু’জন। প্রসব যন্ত্রণায় কাতর মহিলাকে ধরে রেখেছেন আরও একজন। স্থানীয় এক অঙ্গনওয়াড়ি কর্মী ও ধাইমার সাহায্যেই কোনওরকমে সন্তানের জন্ম দিলেন এক উপজাতি মহিলা। নাম সান্তাবাই বারেলা (২৪)। অভিযোগ, বারবার জানিয়েও কোনও অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। এদিকে অন্তঃসত্ত্বার অবস্থা ক্রমে খারাপ হচ্ছিল। তাই বাধ্য হয়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথেই প্রসবের ব্যবস্থা করতে হয়। মহারাষ্ট্রের জলগাঁওয়ের ঘটনা।
২৫ মে ছিল সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ। ২১ মে হঠাৎই প্রসব যন্ত্রণা শুরু হয় সান্তাবাইয়ের। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে জানিয়ে, সরকার প্রদত্ত নম্বরে বারবার ফোন করেও কোনও লাভ হয়নি। দীর্ঘ অপেক্ষার পরও অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। এদিকে যন্ত্রণায় ছটফট করছেন স্ত্রী। তাই বাধ্য হয়ে তাঁকে বাইকে নিয়ে স্বাস্থকেন্দ্রের দিকে রওনা দেন স্বামী বিশ্বনাথ। স্বাস্থ্যকেন্দ্র পৌঁছতে তখনও এক কিলোমিটার বাকি। কিন্তু সান্তাবাইয়ের পরিস্থিতি ক্রমে খারাপ হচ্ছিল। মাঝপথেই তাঁকে নামিয়ে সন্তান প্রসবের ব্যবস্থা করতে হয়। বিশ্বনাথের কথায়, প্রায় আধঘণ্টা অপেক্ষার পর স্থানীয়দের মধ্যে কয়েকজন এগিয়ে আসেন। পরে তাঁদের চেষ্টায় মা ও সন্তানকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয়রা। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন জেলাশাসক। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। ঘটনায় সরব হয়েছেন কংগ্রেস নেত্রী প্রতিভা সিন্ধে। তাঁর মন্তব্য, এই ঘটনাই রাজ্যের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার চেহারা তুলে ধরেছে।