Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

গল্প ‘চুরি’র অভিযোগ

গল্প চুরির অভিযোগে বিদ্ধ ‘অভিমান’। যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস প্রযোজিত প্রথম ছবি মুক্তি পেয়েছে শুক্রবার।

গল্প ‘চুরি’র অভিযোগ
  • ২০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• গল্প চুরির অভিযোগে বিদ্ধ ‘অভিমান’। যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস প্রযোজিত প্রথম ছবি মুক্তি পেয়েছে শুক্রবার। আর এদিনই ছবির বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ আনলেন পরিচালক সুমন ঘোষ। ‘কাবুলিওয়ালা’, ‘বসু পরিবার’, ‘নোবেল চোর’ খ্যাত পরিচালকের অভিযোগ, তিনি প্রায় দু’বছর আগে একটি গল্প শুনিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সেই গল্পের সঙ্গে ‘অভিমান’ ছবির চিত্রনাট্যের মিল রয়েছে। টিজার ও ট্রেলারেই তা স্পষ্ট। এদিন সমাজমাধ্যমে সুমন লিখেছেন, ‘প্রিয় বুম্বাদা, অত্যন্ত ভারী মন নিয়ে তোমাকে এই চিঠি লিখছি। শিল্পের সত্যতা ও নৈতিকতা নিয়ে এমন কিছু প্রশ্ন বুকে চেপে বসেছে, যা আমার মতো একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতাকে বিচলিত করছে। সৃজনশীলতা বা শিল্পের মূল ভিত্তি কী?’ তাঁর দাবি, ‘অত্যন্ত যত্ন ও ঐকান্তিক প্রচেষ্টায় একটি স্ক্রিপ্ট গড়ে তুলেছিলাম, ‘স্টার। প্রথম থেকেই তোমাকেই (প্রসেনজিৎ) ভেবে এসেছি। এই আড়াই বছরে তোমার মতো একজন সিনিয়র, খ্যাতনামা অভিনেতার সঙ্গে আমার বেশ কয়েকবার মিটিং হয়েছে। তবে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘অভিমান’-এর ট্রেলারে ও টিজারে প্রায় হুবহু একইরকম দৃশ্য, উপাদান ব্যবহার করা হয়েছে।’ পয়েন্ট আকারে কোথায় কোথায় মিল রয়েছে, তাও ব্যাখ্যা করেছেন পরিচালক। যদিও তাঁর দাবি নস্যাৎ করেছেন প্রসেনজিৎ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতা হিসাবে সুমন আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র। ইন্ডাস্ট্রিতে অনেক সময়ই সৃজনশীল ভাবনার ক্ষেত্রে মিল দেখা যায়। কারণ আমরা সকলেই মানুষের অনুভূতি ও বিভিন্ন বিষয় থেকে অনুপ্রাণিত হই। তবে অভিমান সম্পূর্ণ স্বতন্ত্র ও আইনগতভাবে নথিবদ্ধ প্রজেক্ট। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত ও লেখক শ্রীজাতর লেখা কাজ এটা। একজন অভিনেতা হিসাবে আমার কাজ চিত্রনাট্যকে প্রাণবন্ত করে তোলা। কারও সৃজনশীল বিশ্বাস বা আস্থাকে ক্ষুণ্ণ করা আমার উদ্দেশ্য নয়।’ সুমনের অভিযোগের পর প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস’ ফিল্মসের তরফে জানানো হয়েছে, গল্পটি সম্পূর্ণ মৌলিক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ