সংবাদদাতা, উলুবেড়িয়া: চালের অভাবে গত দুই তিনদিন শ্যামপুর ১ ব্লকের একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খিচুড়ি দেওয়া যাচ্ছিল না। এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল রাজাপুর থানার দক্ষিণ বলরামপোতা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকার বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী, সহায়িকা সহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের রবিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন।
অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কিছুটা চাল কেন্দ্রের কর্মী ও সহায়িকা এক ব্যবসায়ীকে বিক্রি করে দেন। শনিবার স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেন। তারা ঊধ্বর্তন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এরপর সেই ঊধ্বর্তন কর্তৃপক্ষ রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে শনিবার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। যদিও এদিন আদালতে যাওয়ার পথে ধৃত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী জানান, দোকানে দেওয়া চাল পোকায় নষ্ট করে দিয়েছিল। শিশুদের খাবারের অনুপযোগী ছিল। সেই কারনে দোকানে দিয়েছিলাম। তবে এই চাল যে দোকানে দেওয়া যায় না, সেই বিষয়টি আমার জানা ছিল না। অন্যদিকে ধৃত ব্যবসায়ীর দাবি, রেশনের চাল আটা আমি মাঝে মধ্যে কিনে থাকি। সেই মত এই চালও নিয়েছিলাম।