Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বৃদ্ধাকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য সিউড়িতে

৭০ ছুঁইছুঁই এক বৃদ্ধাকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠল বীরভূম জেলার সিউড়ি থানার গ্রামীণ এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে।

বৃদ্ধাকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য সিউড়িতে
  • ৮ আগস্ট, ২০২৬ ২১:২২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ৭০ ছুঁইছুঁই এক বৃদ্ধাকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠল বীরভূম জেলার সিউড়ি থানার গ্রামীণ এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে। অভিযুক্ত বছর বাইশের যুবক ওই এলাকারই বাসিন্দা। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন সন্ধ্যায় ওই বৃদ্ধাকে নিয়ে সিউড়ি থানার দ্বারস্থ হন বিজেপির নেত্রীরা।

Advertisement

জানা গিয়েছে, নির্যাতিতা বৃদ্ধা বাড়িতে একাই থাকেন। তিনকুলে তাঁর কেউ নেই। অভিযোগ, শনিবার ভোর ৩টে নাগাদ অভিযুক্ত যুবক রড দিয়ে ওই বৃদ্ধার বাড়ির তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর বৃদ্ধার মুখ চেপে ও হাত-পা বেঁধে তাঁর উপর চরম শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ। ঘটনা প্রসঙ্গে আতঙ্কিত বৃদ্ধা জানিয়েছেন, 'রড দিয়ে তালা ভেঙে ঘরে ঢোকে। আমাকে মারধর করে এবং ধর্ষণ করে।' বিষয়টি কাউকে জানালে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

শনিবার দুপুরে বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপির স্থানীয় নেত্রীরা। তাঁরা বৃদ্ধাকে উদ্ধার করে সোজা সিউড়ি থানায় নিয়ে আসেন। এদিন সন্ধ্যায় সিউড়ি থানায় দাঁড়িয়ে বিজেপির এক নেত্রী বলেন, 'আমি গিয়ে দেখি বৃদ্ধার অত্যন্ত করুণ অবস্থা। মুখে এমনভাবে টিপে ধরা হয়েছিল যে কালশিটে পড়ে গিয়েছে। পা বেঁধে তাঁর উপর অত্যাচার করা হয়েছে। আমরা এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করছি এবং দোষীর কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।' স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক নিয়মিত মদ, গাঁজা থেকে শুরু করে নানারকম নেশা করত। ঘটনার পর থেকেই সে এলাকাছাড়া। সিউড়ি থানার পুলিশ ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক যুবকের খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ