এলাহাবাদ: মামলার রায় লিখতে হলে হয় হিন্দিতে লিখতে হবে নয়তো ইংরেজিতে। কিছুটা হিন্দি আর কিছুটা ইংরেজি অর্থাৎ হিংলিশে রায় লেখা যাবে না। এক মামলার শুনানিতে এলাহাবাদ হাইকোর্টের তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। আগ্রায় পণের দাবিতে বধুমূত্যুর ঘটনায় মামলা হয়। নিম্ন আদালতে তার রায় ঘোষণাও হয়েছে। তবে মামলার অভিযুক্ত প্রকাশ ত্যাগী নামে এক ব্যক্তি সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন। তার শুনানিতে মামলার রায় দেখেই বিচারপতি রাজীব মিশ্রা এবং বিচারপতি অজয় কুমারের বেঞ্চ দেখে যে, তা হিন্দি-ইংরাজি দুই ভাষা মিলিয়েই তা লেখা হয়েছে। তার প্রেক্ষিতেই বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, যেকোনও এক ভাষায় রায় লিখতে হবে।



