নয়াদিল্লি: আরএসি-তে সফররত সব যাত্রীকেই বিছানার চাদর ও কম্বল দিতে হবে। রেলমন্ত্রকের তরফে ফের স্পষ্টভাবে একথা জানিয়ে দেওয়া হল। রেলের প্রায় সব জোন থেকেই অভিযোগ আসছিল, বহু ক্ষেত্রেই আরএসি যাত্রীরা পূর্ণাঙ্গ বেডরোল কিট পাচ্ছেন না। সেই সূত্রেই মন্ত্রকের এই নির্দেশ।
আরএসি-তে সফরকালে দু’জন করে যাত্রীকে একটি করে বার্থ দেওয়া হয়। রেলের নির্দেশ সত্ত্বেও বহু ক্ষেত্রেই সব যাত্রী বিছানার চাদর ও কম্বল পাচ্ছেন না বলে অভিযোগ। সেই আবহেই ৪ আগস্ট রেলমন্ত্রক প্রকাশিত একটি চিঠিতে বলা হয়েছে, আরএসি যাত্রীদের বেডরোল কিট সরবরাহ না করা বা অপর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা সংক্রান্ত অভিযোগ এখনও বিভিন্ন মাধ্যমে পাওয়া যাচ্ছে। সেইসব অভিযোগের প্রেক্ষিতে পুনরায় অনুরোধ করা হচ্ছে, রেল বোর্ডের নির্দেশাবলি অবশ্যই কঠোরভাবে অনুসরণ করতে হবে। এসি কোচে (এসি চেয়ার কার ব্যতীত) ভ্রমণকারী প্রত্যেক আরএসি যাত্রীকে ওই কোচে ভ্রমণকারী অন্যান্য প্রকৃত যাত্রীদের মতোই সম্পূর্ণ বেডরোল কিট প্রদান করতে হবে।