Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকার পরিবারের পাশে রাজ্যের সব রাজনৈতিক দল, আজ বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

বারুইপুর কাণ্ডে নাবালিকার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। দোষীদের শাস্তির দাবিতে সাধারণ মানুষও সরব। বিস্তারিত পড়ুন।

নাবালিকার পরিবারের পাশে রাজ্যের সব রাজনৈতিক দল, আজ বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
  • ৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর কাণ্ডে নাবালিকার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। রবিবার মৃতার বাড়িতে যায় কালীঘাট তৃণমূল ও বামেদের এক প্রতিনিধিদল। আজ, মঙ্গলবার সেখানে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে স্থানীয় মানুষজন। উঠেছে ‘জাস্টিস ফর বারুইপুর’ স্লোগান। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। রবিবার নাবালিকার বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চারপাশ ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। ফলে তিনি আর বাড়ির বাইরে যেতে পারেননি।

Advertisement

এদিন কালীঘাট তৃণমূলের এক প্রতিনিধিদল সূর্যপুর এলাকায় যায়। ওই প্রতিনিধিদলে ছিলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন, লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল এবং বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁদের সঙ্গে গিয়েছিলেন বিদ্রোহী তৃণমূলের বিধায়ক বিভাস সর্দারও। তাঁরা মৃতার বাবার সঙ্গে কথা বলেন। রবিবারের পর এদিনও নাবালিকার বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার প্রতিবাদে এদিন বিকালে মোমবাতি মিছিল করেছেন মমতা। কালীঘাটের বাড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মোমবাতি নিয়ে হাঁটেন তিনি। এই মিছিলে তরুণ-তরুণীদের ভিড় দেখা গেলেও নেতারা ছিলেন হাতেগোনা। মমতার দাবি, এই জঘন্য অপরাধের দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং প্রশাসনকে অবিলম্বে কঠোরতম আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। দোলা সেন ও প্রতিমা মণ্ডল বলেন, ওই পরিবারের পাশে তৃণমূল নেত্রী আছেন। তাঁদের সব রকম আইনি সহযোগিতা করা হবে।
বামেদের তরফে এদিন সিপিএম নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধিদল গিয়েছিল নাবালিকার সূর্যপুরের বাড়িতে। এসইউসিআইয়ের প্রাক্তন বিধায়ক ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণ নস্করের নেতৃত্বে এক প্রতিনিধিদল নির্যাতিতার বাড়িতে যায় এবং মেয়েটির বাবার সঙ্গে দেখা করে সহমর্মিতা জানায়। এছাড়াও কংগ্রেস সাংসদ ও সর্বভারতীয় কংগ্রেসের সংখ্যালঘু সেলের প্রধান ইমরান প্রতাপগড়ি সূর্যপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি বিষয়টি সংসদে তোলার আশ্বাস দেন। সেই সময় ওই বাড়িতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। অভয়া মঞ্চের তরফেও এদিন বারুইপুরে ডেপুটেশন জমা দেওয়া হয়। ‘রাত দখল’-এর নেত্রী রিমঝিম সিনহা এদিন বারুইপুর থানায় গিয়ে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। বারুইপুর থানায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপি জমা দেন গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যারা। এদিন ধর্মতলায় ওয়াই চ্যানেলে ফুটবলপ্রেমীরা বিভিন্ন দেশের জার্সি পরে প্রতিবাদ মিছিল করেন। তাঁরা ন্যায় বিচারের দাবিতে সরব হন।

Advertisement
সম্পর্কিত সংবাদ