Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন সিভিক সহ সব সহযোগী পুলিস কর্মীও, ছাড়পত্র নবান্নের

সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিস সহ সহযোগী পুলিস কর্মীরা এবারই প্রথম কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বসতে চলেছেন। তাঁদের জন্য রাখা হয়েছে কোটা। ওয়েলফেয়ার কমিটির পাঠানো এই প্রস্তাব মেনে নিয়েছে নবান্ন।

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন সিভিক সহ সব সহযোগী পুলিস কর্মীও, ছাড়পত্র নবান্নের
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিস সহ সহযোগী পুলিস কর্মীরা এবারই প্রথম কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বসতে চলেছেন। তাঁদের জন্য রাখা হয়েছে কোটা। ওয়েলফেয়ার কমিটির পাঠানো এই প্রস্তাব মেনে নিয়েছে নবান্ন। সহযোগী পুলিস কর্মীদের বেশিরভাগই ডিউটিতে ব্যস্ত থাকায় কোনও প্রতিষ্ঠানে গিয়ে তাঁদের পক্ষে প্রশিক্ষণ নেওয়া সম্ভব নয়। তবুও তাঁরা যাতে পরীক্ষায় ভালো করতে পারেন, তার জন্য অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করল রাজ্য পুলিসের ওয়েলফেয়ার কমিটি। আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে এই ব্যবস্থা।

Advertisement

এতদিন পর্যন্ত সিভিক, হোমগার্ড প্রভৃতি সহযোগী পুলিস কর্মীরা পুলিসের পরীক্ষায় বসতে পারতেন না। এই নিয়ে তাঁদের মধ্যে অসন্তোষ ছিল। সম্প্রতি সহযোগী পুলিস কর্মী হিসেবে উচ্চ শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ছেলেমেয়েরা কাজে যোগ দিয়েছেন। সুযোগ না-থাকায় তাঁরা রীতিমতো হতাশ হয়ে পড়েন। অনেকেই এই চাকরি ছেড়ে অন্যকিছু করার ভাবনাচিন্তা শুরু করেন। সহযোগী পুলিস কর্মীরা যাতে পুলিস কনস্টেবলের পরীক্ষায় বসতে পারেন, তাঁদের জন্য বয়সের ছাড় মেলে—এই সংক্রান্ত বিষয় নিয়ে স্বরাষ্ট্র দপ্তরে দরবার শুরু করেন রাজ্য পুলিসের ওয়েলফেয়ার কমিটির কর্তারা। তাঁদের জন্য আলাদা কোটা রাখা হোক, এই প্রস্তাবও যায় নবান্নে।
এই নিয়ে ওয়েলফেয়ার কমিটির কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন রাজ্য পুলিসের অফিসাররা। শেষপর্যন্ত ওয়েলফেয়ার কমিটির এই প্রস্তাব মেনে নবান্ন কিছুদিন আগে জানিয়ে দেয় যে, সিভিক-সহ সহযোগী পুলিস কর্মীরা এবার থেকে পরীক্ষায় বসতে পারবেন। তাঁদের জন্য ১৫ শতাংশ কোটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। একইসঙ্গে ৩৫ বছর বয়সসীমা রাখা হয়েছে তাঁদের জন্য। নভেম্বরে হতে চলা কনস্টেবল নিয়োগের পরীক্ষায় হাজার পাঁচেক সহযোগী পুলিস কর্মী পরীক্ষায় বসতে চলেছেন। 
কিন্তু পুলিসের চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করার মতো সময় তাঁদের নেই। কারণ, থানার কাজ বা ট্রাফিকের দায়িত্ব সামলাতেই দিনের বেশিরভাগটা তাঁদের কেটে যায়। তাই আলাদাভাবে প্রস্তুতি গ্রহণের জন্য কোনও প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। তবুও তাঁরা যাতে ওই পরীক্ষায় সফল হতে পারেন সেজন্যই ওয়েলফেয়ার কমিটি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। সেখানে প্রয়োজনীয় অঙ্ক, সাধারণ জ্ঞান এবং আইন সংক্রান্ত বিষয়গুলি পড়াবেন প্রশিক্ষিত শিক্ষকরা। যাঁরা লাইভ ক্লাস করতে পারবেন না তাঁরা ফেসবুকে দেওয়া নির্দিষ্ট লিঙ্কে গিয়েও বিষয়গুলি শিখতে পারবেন। ওইসঙ্গে থাকছে ডাউট ক্লিয়ার সেশনও।

Advertisement
সম্পর্কিত সংবাদ