নিজস্ব প্রতিনিধি, তমলুক: সরকারি সুস্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন নেওয়ার পর ছুঁচ ফোটানোর জায়গায় সংক্রমণ হয়ে গিয়েছে। শহিদ মাতঙ্গিনী ব্লকের আলিনান সুস্বাস্থ্য কেন্দ্র থেকে ভ্যাকসিন নেওয়ার পর এই ঘটনায় শুক্রবার প্রচণ্ড উত্তেজনা ছড়াল। চারটি শিশু এই সমস্যার সম্মুখীন হয়েছে। প্রতিবাদে এদিন এলাকার মহিলারা দলবেঁধে ওই সুস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে কমিউনিটি হেলথ অফিসারকে ভিতরে আটকে দরজায় তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এলাকায় যান শহিদ মাতঙ্গিনীর দায়িত্বপ্রাপ্ত বিএমওএইচ বিশ্বজিৎ মান্না। বিষয়টি জেলা স্বাস্থ্যদপ্তরের নজরে আনা হয়েছে বলে বিশ্বজিৎবাবু জানান। পাশাপাশি এনিয়ে তদন্ত হবে বলেও জানিয়েছেন।জানা গিয়েছে, এক মাস আগে ওই স্বাস্থ্য কেন্দ্র থেকে পেন্টা ভ্যালেন্ট ফার্স্ট ডোজ নেওয়া তিনটি এবং ডিপিটি ভ্যাকসিন নেওয়া আরও এক শিশুর ইঞ্জেনশন ফোটানোর জায়গায় ঘা হয়ে গিয়েছে। শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শে সার্জারি করাতে হয়েছে। ওই স্বাস্থ্য কেন্দ্রে যিনি ভ্যাকসিন দিয়েছিলেন তিনি অনভিজ্ঞ বলেই এই ঘটনা ঘটছে বলে অভিভাবকদের দাবি। তাই তাঁকে আটকে রেখে বিক্ষোভ চলে।



