এবার কি কমেডি ছবিতে অভিনয় করবেন অভিনেত্রী আলিয়া ভাট? জল্পনা তেমনই। আর সেই জল্পনা উস্কে দিয়েছেন অভিনেত্রী নিজেই। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত এমন কোনও ছবিতে অভিনয় করেননি, যা তাঁর মেয়ে রাহা দেখতে পারে। সে কারণেই এরপর একটি কমেডি ছবিতে কাজ করতে ইচ্ছুক নায়িকা। এই মুহূর্তে ইতালিতে রয়েছেন আলিয়া। সঙ্গে রণবীর কাপুর ও ভিকি কৌশল। সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির ক্লাইম্যাক্স দৃশ্য শ্যুটের জন্য ইতালিতে গিয়েছে গোটা টিম। শীঘ্রই সেখান থেকে ফিরবেন নায়িকা। তারপরই তিনি কমেডি ছবির জন্য পরিচালকদের সঙ্গে আলোচনায় বসতে পারেন বলে খবর। আলিয়া অবশ্য এ বিষয়ে ইঙ্গিতও দিয়েছেন। বলেছেন, ‘আমি বেশ কিছুদিন ধরেই এটা (কমেডি ছবি) নিয়ে ভাবনাচিন্তা করছি। বেশ কিছু বিষয়ে কথাবার্তাও হয়েছে। এখনই সবকিছু বলা সম্ভব হচ্ছে না। শুধু এটুকু বলতে পারি, আমার মন যেটা চেয়েছে, আমি করবই।’ এছাড়াও তাঁর হাতে রয়েছে ‘আলফা’। এ বছরের শেষে অ্যাকশন অবতারে পর্দায় ধরা দেবেন তিনি।



