Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লিগ শীর্ষে আল নাসের

একরাশ স্বপ্ন আর নতুন করে প্রমাণ করার চ্যালেঞ্জ নিয়ে ইউরোপ ছেড়ে সৌদি লিগে পা রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

লিগ শীর্ষে আল নাসের
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রিয়াধ: একরাশ স্বপ্ন আর নতুন করে প্রমাণ করার চ্যালেঞ্জ নিয়ে ইউরোপ ছেড়ে সৌদি লিগে পা রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত দুই মরশুম দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেন পর্তুগিজ মহাতারকা। তবে দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেননি। ফলে চলতি মরশুমের শুরুতে তাঁর দলবদল নিয়ে শুরু হয় গুঞ্জন। তবে যাবতীয় জল্পনাকে দূরে সরিয়ে আরও দু’বছর সৌদি ক্লাবটিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন সিআরসেভেন। একইসঙ্গে দলকে ট্রফি এনে দিতে বদ্ধপরিকর রোনাল্ডো। আর সেই মরিয়া প্রয়াস পারফরম্যান্সে সাফ ফুটে উঠছে। গত কয়েক মরশুম সৌদি লিগে শুরু থেকেই ধারাবাহিকতার অভাবে ভুগেছে আল নাসের। তবে এবার কার্যত অপ্রতিরোধ্য দেখাচ্ছে তাদের। লিগ পর্বে টানা চার ম্যাচে জিতে শীর্ষস্থান ধরে রাখলেন রোনাল্ডোরা। সমসংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল আল এতিহাদ।
শুক্রবার অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী আল এতিহাদকে ২-০ গোলে বশ মানাল জর্জে হেসাস-ব্রিগেড। সাদিও মানে ও রোনাল্ডোর গোলে মূল্যবান তিন পয়েন্ট ঘরে তোলে আল নাসের। পুরো ম্যাচেই দাপুটে ফুটবল খেলে আল নাসের। প্রাপ্ত সুযোগ কাজে লাগালে গোলের ব্যবধান আরও বাড়তে পারত। স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে বেশ উচ্ছ্বসিত দেখায় পর্তুগিজ মহাতারকাকে। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘এটাই আল নাসের। এটাই আমরা।’ উল্লেখ্য, চলতি মরশুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ৬ ম্যাচে পাঁচটি গোল রয়েছে রোনাল্ডোর ঝুলিতে।

Advertisement

আল এতিহাদ- ০               :       আল নাসের- ২ (সানে, রোনাল্ডো)

সম্পর্কিত সংবাদ