‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই চর্চায় ‘রহমান ডাকাইত’ থুড়ি অভিনেতা অক্ষয় খান্না। তাঁর কেরিয়ারের নতুন অধ্যায়ের সূচনা করল আদিত্য ধর পরিচালিত ছবিটি। এই আবহে ফের অভিনেতার নতুন কাজের খবর সামনে এল। শোনা যাচ্ছে, দীর্ঘদিন পর সানি দেওলের সঙ্গে কাজ করবেন অক্ষয়। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল তাঁদের। এবার একটি অ্যাকশন ক্রাইমে দেখা যাবে দুই অভিনেতাকে।
ছবির নাম ‘ইক্কা’। তবে প্রেক্ষাগৃহের জন্য নয়, এই সিনেমা মুক্তি পাবে ওটিটি মাধ্যমে। নেটফ্লিক্সে দেখা যাবে সিনেমাটি। সূত্রের খবর, ইতিমধ্যে ছবির শ্যুটিং শেষ করেছেন নির্মাতারা। অক্ষয় ও সানি ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অভিনেত্রী দিয়া মির্জা, সঞ্জিদা শেখ। যদিও ছবির গল্প প্রসঙ্গে এখনই বিস্তারিত খোলসা করতে নারাজ নির্মাতারা। আগামী বছর শুরুর দিকেই ছবিটি মুক্তি পাবে বলে খবর।