Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ডাকেটকে জবাব দিতেই কাঁধে হাত, জানালেন আকাশদীপ

ওভাল টেস্টে বেন ডাকেটকে আউট করে তাঁর কাঁধে হাতে দিয়ে কিছু বলতে দেখা গিয়েছিল আকাশদীপকে। এই ‘সেন্ড-অফ’ নিয়ে মাথাচাড়া দিয়েছিল বিতর্ক।

ডাকেটকে জবাব দিতেই কাঁধে হাত, জানালেন আকাশদীপ
  • ১১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: ওভাল টেস্টে বেন ডাকেটকে আউট করে তাঁর কাঁধে হাতে দিয়ে কিছু বলতে দেখা গিয়েছিল আকাশদীপকে। এই ‘সেন্ড-অফ’ নিয়ে মাথাচাড়া দিয়েছিল বিতর্ক। ক্রিকেট মহলের অনেকেই তীব্র সমালোচনা করেছিলেন আকাশদীপের এহেন আচরণের। সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন তিনি। ভারতীয় পেসার বলেছেন, ‘ডাকেট চাইছিল আমার লাইন-লেংথ নষ্ট করতে। সুইপ, রিভার্স সুইপ মারছিল। আমাকে এসে বলেছিল, দিনটা নাকি ওর। আমি তাই কিছুতেই ওকে আউট করতে পারব না। এটাও ঠিক যে, ও এমনভাবে খেলছিল, ক্রমশ চাপে পড়ছিলাম আমরা। তখন আমাদের একটা উইকেট দরকার ছিল প্রবলভাবে। আউট করার পর তাই ডাকেটকে বলেছিলাম, সবসময় তুমিই মারবে, এটা হতে পারে না। কখনও জিততে পারি। কখনও তুমি ভুল করবে, তখন আমিই জিতব। আর এ সব কিছুই ক্রিকেটীয় স্পিরিট মেনে হয়েছে। এর মধ্যে খারাপ কিছু ছিল না।’

Advertisement

আকাশদীপের কথায় পরিষ্কার যে, ডাকেটকে জবাব দিতেই তাঁর কাঁধে হাত দিয়ে এমন মন্তব্য করেন তিনি। তবে ক্রিকেট মাঠে ব্যাটসম্যানকে আউটের পর কোনও বোলার এমন আচরণ করতে পারেন কিনা, তা নিয়ে উঠেছে প্রশ্ন। রিকি পন্টিংয়ের মতো কেউ কেউ সাফ বলেছেন যে, তিনি হলে কিছুতেই আকাশদীপের এমন আচরণ বরদাস্ত করতেন না। একই সুরে গলা মেলান ইংল্যান্ডের সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিকও।
ইংল্যান্ড সফরে তিন ম্যাচ খেলে ১৩টি উইকেট নিয়েছেন আকাশদীপ। সেই অভিজ্ঞতা সম্পর্কে তাঁর মন্তব্য, ‘প্রত্যেক পেসারই ইংল্যান্ডে খেলতে চায়। তবে ওখানকার উইকেট আমাদের প্রত্যাশামাফিক ছিল না। প্রত্যেক ম্যাচেই আমরা উজাড় করে দিয়েছি। এই সিরিজ আমার কাছে হয়ে উঠেছে দুর্দান্ত শিক্ষণীয় অভিজ্ঞতা। এজবাস্টন টেস্টে দশ উইকেট নেওয়া তৃপ্তি দিয়েছে। তবে ওভাল টেস্টে ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি করা আমার কাছে আরও গুরুত্বপূর্ণ। যতক্ষণ সম্ভব খেলে যাওয়াই ছিল লক্ষ্য। ওই টেস্টের শেষদিন বল সুইং করায় বিশ্বাস জন্মেছিল যে, আমরাই জিতছি।’ মহম্মদ সিরাজের ভূয়সী প্রশংসাও করেছেন আকাশদীপ।

সম্পর্কিত সংবাদ