Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চোট আকাশেরও, স্কোয়াডে কম্বোজ, ইন্ডোরে প্র্যাকটিস সিরাজদের, বড় ধাক্কা, সিরিজেই নেই নীতীশ

চতুর্থ টেস্টের আগে চোট সমস্যায় জর্জরিত ভারতীয় দল। রবিবার রাতের দিকে সিরিজ থেকেই ছিটকে গেলেন অলরাউন্ডার নীতীশ রেড্ডি।

চোট আকাশেরও, স্কোয়াডে কম্বোজ, ইন্ডোরে প্র্যাকটিস সিরাজদের, বড় ধাক্কা, সিরিজেই নেই নীতীশ
  • ২১ জুলাই, ২০২৫ ১৮:০৭

ম্যাঞ্চেস্টার: চতুর্থ টেস্টের আগে চোট সমস্যায় জর্জরিত ভারতীয় দল। রবিবার রাতের দিকে সিরিজ থেকেই ছিটকে গেলেন অলরাউন্ডার নীতীশ রেড্ডি। এদিনই জিম সেশনে হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। ওল্ড ট্রাফোর্ডে ভারতের ঐচ্ছিক অনুশীলনে তিনি আসেনওনি। তবে তখনও নীতীশ যে এই সিরিজেই আর নেই, তা বোঝা যায়নি। কারণ, ক্যাপ্টেন শুভমান গিল, লোকেশ রাহুল, যশপ্রীত বুমরাহ, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দরও বিশ্রাম নিয়েছিলেন। প্রবল বৃষ্টিতে ইন্ডোরে তাঁরাও আসেননি প্র্যাকটিসে। ক্রমশ খবর ছড়িয়ে পড়ে যে নীতীশের চোট গুরুতর। তাঁকে ম্যাঞ্চেস্টারে না-ও পেতে পারে ভারত। পরে অবশ্য জানা যায় যে পঞ্চম টেস্টেও খেলতে পারবেন না তিনি। নিঃসন্দেহে যা টিম ইন্ডিয়ার কাছে বড় ধাক্কা। কারণ, এতে প্রভাব পড়বে প্রথম এগারোয় ভারসাম্য রাখার ক্ষেত্রে। দল গড়া তাই রীতিমতো চাপের।

Advertisement

এমনিতেও ভারতীয় দল এখন কার্যত হাসপাতাল। প্র্যাকটিসের সময় হাতে চোট পেয়েছিলেন অর্শদীপ সিং। সেখানে সেলাই পড়েছে। ব্যান্ডেজ জড়িয়ে ঘুরতে দেখা গিয়েছে তাঁকে। কুঁচকির চোটে কাবু আকাশদীপও। ওল্ড ট্রাফোর্ডে এই দুই পেসারের খেলার সম্ভাবনা কার্যত নেই। এখন স্কোয়াডে স্পেশালিস্ট পেসার বলতে সিরাজ, প্রসিদ্ধ, বুমরাহ। এই পরিস্থিতিতেই ব্যাক-আপ হিসেবে ডাকা হয়েছে অংশুল কম্বোজকে। ভারতীয় ‘এ’ দলের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন হরিয়ানার তরুণ পেসার। তাছাড়া তিনি ইংল্যান্ডেই রয়েছেন। তাই তাঁকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে সমস্যা হয়নি। উল্লেখ্য, অংশুলকে আগেই ভারতীয় দলে রাখার চিন্তাভাবনা হয়েছিল। কিন্তু অনভিজ্ঞতা তাঁর বিপক্ষে যায়। কোচ গৌতম গম্ভীরও খুব একটা আগ্রহ দেখাননি। তবে অংশুলের ঝাঁঝালো বোলিং দেখে প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই আশাবাদী। 
সিরিজ শুরুর আগে কোচ গম্ভীর জানিয়েছিলেন, বুমরাহকে খেলানো হবে তিনটি ম্যাচে। ইতিমধ্যে তারকা পেসার খেলে ফেলেছেন দু’টি টেস্ট। হেডিংলে ও লর্ডসে তাঁর উপস্থিতিতেও দল জিততে পারেনি। সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে। সেই নিরিখে চতুর্থ তথা ওল্ড ট্রাফোর্ডের টেস্টটি ভারতের কাছে মরণ-বাঁচন। হারলেই আশা শেষ। জিততে না পারলেও কমপক্ষে ড্র তো করতেই হবে। সেই লক্ষ্যে বুমরাহর উপস্থিতি জরুরি। এখনও পর্যন্ত তিনটি টেস্টেই খেলেছেন সিরাজ। তিনি ছন্দে ফিরেছেন। পরের ম্যাচেও তাঁর খেলা একপ্রকার নিশ্চিত। বুমরাহ খেললে সিরাজ অনেকটাই চাপমুক্ত থাকবেন। কিন্তু তৃতীয় পেসার কে হবেন, তা নিয়ে ধন্দ থাকছে। প্রসিদ্ধ প্রথম দু’টি টেস্টে চরম ব্যর্থ। প্রচুর রান বিলিয়েছেন। তাই বাদ পড়েছিলেন লর্ডসে। একই অবস্থা শার্দূল ঠাকুরেরও। হেডিংলে টেস্টে তাঁর বোলিং খুব একটা আশা জাগাতে পারেনি। সেই কারণে অনেকে বলছেন, নবাগত অংশুল কম্বোজকে খেলানো উচিত।
৮৯ বছরে এই মাঠে ভারত কখনও টেস্ট জিততে পারেনি। শুভমান গিলের নেতৃত্বে চাকা ঘোরে কিনা সেটাই দেখার। অবশ্য তার জন্য ভারতীয় দলকে সঠিক কম্বিনেশন নিয়ে মাঠে নামতে হবে। ভারত তাই চায়নাম্যান কুলদীপ যাদবকেও তৈরি রাখছে। তবে এখনও পর্যন্ত তিনি সিরিজের কোনও ম্যাচ খেলেননি। কুলদীপকে খেলাতে হলে ভারতকে তিন স্পিনারের ফর্মুলায় যেতে হবে। বল এখন কোচ গম্ভীরের কোর্টে!

সম্পর্কিত সংবাদ