নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দমদম বিমানবন্দর সংযোগকারী শহরের প্রথম মেট্রো রুট আরও বেশি যাত্রীবান্ধব হতে চলেছে। এবার সরাসরি বিমানবন্দর থেকে ভায়া নোয়াপাড়া শহিদ ক্ষুদিরাম পৌঁছনো যাবে। যাত্রীদের পোহাতে হবে না লাইন বদলের বাড়তি ঝক্কি। আগামী কাল, সোমবার থেকে পরীক্ষামূলকভাবে দিনে দু’টি বিশেষ পরিষেবা চলবে।
চলতি বছরের ২২ আগস্ট নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট (জয়হিন্দ) মেট্রো প্রকল্পের উদ্বোধন হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সূচনা করেছিলেন। চার দশক আগে দেশের প্রথম মেট্রো চালু হয়েছিল কলকাতায়। ৪১ বছর পর সিটি অব জয়ের মেট্রো পথের সঙ্গে যুক্ত হয়েছে উড়ান পরিবহণের ঘাঁটি। চালু ব্যবস্থায় যাত্রীরা বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে উঠে নোয়াপাড়ায় নামতেন। সেখান থেকে লাইন বদল করে ফের ব্লু লাইনের মেট্রো ধরতেন।



