Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

৩৬ হাজার ফুট উচ্চতায় ভাঙল বিমানের ককপিটের উইন্ডশিল্ড

মাঝআকাশে ফের দুর্ঘটনার কবলে বোয়িং। ৩৬ হাজার ফুট উচ্চতায় আচমকা ভেঙে যায় ডেনভার থেকে লস এঞ্জেলসগামী বিমানের ককপিটের উইন্ডশিল্ড। পাইলটের হাতে গেঁথে যায় কাচের টুকরো।

৩৬ হাজার ফুট উচ্চতায় ভাঙল বিমানের ককপিটের উইন্ডশিল্ড
  • ২১ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

ডেনভার: মাঝআকাশে ফের দুর্ঘটনার কবলে বোয়িং। ৩৬ হাজার ফুট উচ্চতায় আচমকা ভেঙে যায় ডেনভার থেকে লস এঞ্জেলসগামী বিমানের ককপিটের উইন্ডশিল্ড। পাইলটের হাতে গেঁথে যায় কাচের টুকরো। মুহূর্তের মধ্যে ১০ হাজার ফুট নেমে যায় বিমানটি। তবে পাইলটদের তৎপরতায় প্রাণে বেঁচে যান যাত্রী ও বিমানকর্মীরা। সল্টলেক সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। ছ’ঘণ্টা পর অন্য একটি বিমানে লস এঞ্জেলসের উদ্দেশে রওনা দেন যাত্রীরা। গত বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। বিশেষজ্ঞদের মতে, ককপিটের জানলার কাচে ছোটো উল্কাপিণ্ডের মতো কোনও বস্তু এসে পড়তে পারে। উইন্ডশিল্ডে ঝলসে যাওয়ার চিহ্ন দেখেই সেটা মনে করা হচ্ছে। তদন্ত জারি রয়েছে।  

Advertisement

গত ১৬ অক্টোবর ডেনভার থেকে লস এঞ্জেলসের উদ্দেশে রওনা দেয় ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ১০৯৩। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী সহ মোট ১৪০ জন ছিলেন। ৩৬ হাজার ফুট উচ্চতায় আচমকা একটি রহস্যজনক বস্তু উইন্ডশিল্ডের উপর এসে পড়ে। মুহূর্তের মধ্যে ভেঙে যায় জানালার কাচ। ঘটনায় আহত হন একজন পাইলট। এরপরেই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাইলটের ক্ষতবিক্ষত হাতের ছবি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। বিবৃতিতে ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, ‘গত বৃহস্পতিবার সল্টলেক সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে ফ্লাইট ১০৯৩। দুর্ঘটনায় বিমানের ককপিটের উইন্ডশিল্ড কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে অন্য একটি বিমানে যাত্রীদের লস এঞ্জেলসে পাঠানো হয়। আমাদের বিশেষজ্ঞদের টিম বিমানটিকে দ্রুত ঠিক করার চেষ্টা চালাচ্ছেন।’ জানালার কাচ ভাঙার কারণ এখনও স্পষ্ট নয়। সাধারণত ককপিটের উইন্ডশিল্ড পাখির ধাক্কা বা বায়ুচাপের হেরফের সহ্য করতে সক্ষম। তবে দ্রুত গতিতে আসা কোনও অজানা বস্তুর সঙ্গে ধাক্কা লাগলে দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ