নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: গ্রাম থেকে শহরের হাসপাতালে চিকিৎসা করতে আসা মানুষদের জন্য ফ্রি এসি বাস চালু হল মুর্শিদাবাদের দু’টি লোকসভা কেন্দ্রে। পশ্চিমবঙ্গ সরকারের ‘সু-দৃষ্টি’ প্রকল্পে রোগী পরিবহণের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত দু’টি আধুনিক বাসের উদ্বোধন হল। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এবং বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের সাংসদ তহবিল থেকে এ জন্য অর্থ বরাদ্দ হয়েছে। বহরমপুর ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের গ্রামীণ এলাকার রোগীদের বিনা খরচে বাড়ি থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ও জঙ্গিপুর হাসপাতালে পৌঁছে দেওয়া এবং চিকিৎসা শেষে আবার বাড়িতে ফিরিয়ে আনা হবে এই বাস দু’টিতে। রাজ্যে এইরকম উদ্যোগ এই প্রথম। শীতাতপ নিয়ন্ত্রিত ওই বাসে জরুরি প্রাথমিক চিকিৎসার সুবিধাও থাকবে। বহরমপুর ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রত্যন্ত গ্রামের মানুষরা এই পরিষেবার সুবিধা পাবেন।
বৃহস্পতিবার বহরমপুরে জেলাশাসকের অফিস থেকে বাস দুটির যাত্রার সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই সাংসদ, মুর্শিদাবাদের জেলাশাসক আর অর্জুন, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল সহ জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বলেন, জঙ্গিপুর লোকসভার বাসিন্দাদের জন্য রাজ্যে প্রথম এই ধরনের বিশেষ পরিষেবা চালু করতে পেরে আমি অত্যন্ত খুশি ও গর্বিত। সাংসদ ইউসুফ পাঠান এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। তিনি বলেন, এখনকার মুখ্যমন্ত্রী খুব ধৈর্য্য ধরে কথা বলেন এবং শোনেন। কাজ করতে সুবিধা হবে। এই পরিষেবায় গরিব মানুষদের খুব সুবিধা হল। আরও চার মাস আগে এটা হওয়ার করা হচ্ছিল। তবে শেষপর্যন্ত এদিন উদ্বোধন হওয়ায় ভালো হল। সরকারের চেষ্টায় আরও উন্নয়নের আরও কাজ এগোবে। ৫০ স্কুলের তালিকা তৈরি হচ্ছে। সেখানে স্মার্ট ক্লাস রুম হবে এবং স্পোর্টসের জন্য ভালো কাজ করা হবে।
জেলা স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই উদ্যোগের প্রশংসা করে জানান, অনেক সময় দূরের গ্রামগুলি থেকে রোগীরা সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় তাঁদের শারীরিক অবস্থার অবনতি হয়। এই ফ্রি এসি বাস পরিষেবা চালু হওয়ার ফলে রোগী এবং তাঁদের পরিবারের হয়রানি কমবে ও যাতায়াত খরচ সাশ্রয় হবে।
এই পরিষেবার খবরে উচ্ছ্বসিত এলাকার সাধারণ মানুষ। জঙ্গিপুরের বাসিন্দা রতন মালাকার বলেন, ‘গ্রামের দরিদ্র মানুষের কাছে অ্যাম্বুলেন্স বা গাড়ি ভাড়া করে হাসপাতালে যাওয়া প্রায় অসম্ভব। বিশেষ করে প্রবীণ ও গর্ভবতী মহিলাদের অনেক কষ্ট সহ্য করতে হতো। এবার একদম ফ্রিতে এবং এসি বাসে হাসপাতালে যাওয়া-আসা যাবে। আমাদের খুব উপকার হল।’ প্রশাসনের আশ্বাস, দ্রুত এই পরিষেবার সময়সূচি এবং রুটের তালিকা সাধারণ মানুষের সুবিধার জন্য বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও স্বাস্থ্যকেন্দ্রে জানিয়ে দেওয়া হবে।
রোগী পরিষেবায় বাসের উদ্বোধন হল জেলা প্রশাসনিক ভবনে। -নিজস্ব চিত্র



