নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইন কলেজের এক ছাত্রীকে কটূক্তি ও শ্লীলতাহানির অভিযোগে ওই কলেজেরই এক ছাত্রকে মঙ্গলবার গ্রেপ্তার করল মুচিপাড়া থানার পুলিস। বুধবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে শর্তসাপেক্ষে এক হাজার টাকার অন্তর্বর্তী জামিনে মুক্তি দেন। ওই শর্তের মধ্যে রয়েছে, তদন্তকারী অফিসারকে সহযোগিতা করতে হবে, সপ্তাহে একদিন করে হাজিরা দিতে হবে। এদিন সরকারি আইনজীবী অভিযুক্তের জামিনের আর্জির বিরোধিতা করেন। অভিযুক্তের আইনজীবী বলেন, আমার মক্কেল এই কাজের সঙ্গে যুক্ত নন। তাঁকে ফাঁসানো হয়েছে। জানা গিয়েছে, সোমবার ওই আইন কলেজে সেমিনার ছিল। অভিযোগ, সেই উপলক্ষ্যে সেমিনার কক্ষ থেকে ছাত্রীটি বেরনোর সময় ওই ছাত্র তাঁর শ্লীলতাহানি করেন। তিনি চিৎকার করে বিষয়টি নিয়ে হইচই ফেলে দেন। পরে মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।



