Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আইন না মেনে পলাতকের সম্পত্তি ক্রোকের আর্জি, ক্ষোভ বিচারকের

আইন না মেনে পলাতকের সম্পত্তি ক্রোকের আর্জি, ক্ষোভ বিচারকের
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৬ বছর আগে উত্তর ২৪ পরগনার গোপালনগরে একটি খুনের ঘটনার অভিযুক্ত এখনও ফেরার। অভিযোগ, তার সম্পত্তি ক্রোক ও তার বিরুদ্ধে হুলিয়া জারির জন্য আর্জি জানানো হয়েছে আইন না মেনেই। বিষয়টি নিয়ে বনগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক প্রদীপকুমার অধিকারী পুলিসের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘যে কোনও অভিযুক্তের সম্পত্তি ক্রোক করতে হলে কোর্টে তার সম্পত্তির বিবরণ দিতে হয়। পাশাপাশি, কেন তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হচ্ছে, সেই বিষয়েও একটি নির্দিষ্ট হলমনামা কোর্টে জমা দিতে হয়। এক্ষেত্রে তার কিছুই করা হয়নি।’ তাই বিচারক ওই আর্জি গ্রহণ না করে তদন্তকারী পুলিস অফিসারের উদ্দেশে মন্তব্য করেন, ‘বিষয়টি নিয়ে যেন যথাযথ ও আইনগ্রাহ্য দরখাস্ত করা হয়।’ বিচারক প্রশ্ন তোলেন, কেন এতদিনেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারল না পুলিস? অভিযুক্তকে খুঁজে বের করার বিষয়ে পুলিস কী কী পদক্ষেপ করেছে, মামলার নথিতেও তার কোনও সুস্পষ্ট তথ্য নেই। তাই আদালতের পর্যবেক্ষণ, গোটা বিষয়টির পিছনে রয়েছে সংশ্লিষ্ট থানার চরম গাফিলতি। এরপরই বিচারক জেলার পুলিস সুপারকে এবিষয়ে তদন্ত করে যথাযথভাবে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করার নির্দেশ দেন। সেই সঙ্গে থানার আইসিকে তাঁর নির্দেশ, আইন মেনে যেন পরবর্তী শুনানির দিন আদালতের কাছে সমস্ত নথিপত্র জমা দেওয়া হয় অভিযুক্তের সম্পত্তি ক্রোক ও হুলিয়া জারির বিষয়ে। পলাতক অভিযুক্তর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার বিষয়েও পুলিসকে দ্রুত পদক্ষেপ করার কথা বলা হয়েছে। আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ৩ জানুয়ারি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ