ওয়াশিংটন: শুল্ক থেকে অভিবাসন নীতি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সঙ্গে আমেরিকার দূরত্ব বেড়েছে। ট্রাম্পের দ্বিপাক্ষিক নীতির জেরে পুরনো ‘বন্ধু’ রাশিয়ার আরও কাছে এসেছে নয়াদিল্লি। এই অবস্থায় নয়াদিল্লিকে কাছে টানতে মরিয়া ওয়াশিংটন। এরইমধ্যে বৃহস্পতিবার প্রতিরক্ষা নীতি সংক্রান্ত বার্ষিক বিলে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট। নাম ‘দ্য ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট ফর ফিসকাল ইয়ার ২০২৬’। নতুন আইন অনুযায়ী, প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী হোয়াইট হাউস। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনা আগ্রাসন রুখতে কোয়াডের অন্যান্য সদস্য দেশগুলির সঙ্গেও যোগাযোগ রাখতে হবে। আইন সংক্রান্ত বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘এই আইন আমার উদ্দেশ্য পূরণে সাহায্য করবে। একইসঙ্গে দেশের নাগরিকদের অভ্যন্তরীণ ও বিদেশি শক্তির আক্রমণের হাত থেকে রক্ষা করা যাবে।’



