নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘটা করে মিটিংই সার। জট কাটার কোনও ইঙ্গিত নেই ফেডারেশনে। আইএসএলে আদৌ বল গড়াবে তো? ২৪ ঘণ্টা আগেই লিগ প্রতিনিধিদের সঙ্গে অনলাইন বৈঠক সেরেছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। প্রতিশ্রুতি, আশ্বাস, প্রস্তাবের বাইরে নীট ফল শূ্ন্য। আগামী ১৮ নভেম্বর ফের ক্লাব ও ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে এআইএফএফ। নয়াদিল্লির ফুটবল হাউসে মিটিং শুরু দুপুর ২টোয়। অচলাবস্থা কাটাতে দেশের সর্বোচ্চ আদালতই একমাত্র পথ। সেক্ষেত্রে পরিস্থিতির গুরুত্ব বিচার করে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে মরিয়া ফেডারেশন। ১৯ নভেম্বর সুপ্রিম কোর্টের মামলার বিষয়টি তালিকায় রাখার অনুরোধও করবে তারা। সবমিলিয়ে আদালতের দিতে তাকিয়ে সবপক্ষই। অনলাইন বৈঠকে শীর্ষ লিগ চালু করতে বিকল্প প্রস্তাব দিয়েছিল জিন্দাল গোষ্ঠী। ক্লাবজোটকে নিয়ে টপ টিয়ার লিগ চালু করতে উৎসাহী তারা। কিন্তু এই ধরণের টুর্নামেন্ট আয়োজন করতে বিপুল অর্থের সংস্থার প্রয়োজন। তার জোগাড় করবে কে? সেই উত্তর অধরাই।



