Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাগরমেলায় ডাস্টবিন উপচে পড়লেই বার্তা পাঠাবে এআই সম্বলিত ক্যামেরা

কেউ ফেলছেন ডাবের খোলা। কেউ আবার এঁটো প্লেট ছুড়ে দিচ্ছেন। নিমেষে ভরে যাচ্ছে ডাস্টবিন। কিন্তু ফেললে কী হবে, ওই ডাস্টবিন সঙ্গে সঙ্গে পরিষ্কারের কেউ নেই।

সাগরমেলায় ডাস্টবিন উপচে পড়লেই বার্তা পাঠাবে এআই সম্বলিত ক্যামেরা
  • ২২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কেউ ফেলছেন ডাবের খোলা। কেউ আবার এঁটো প্লেট ছুড়ে দিচ্ছেন। নিমেষে ভরে যাচ্ছে ডাস্টবিন। কিন্তু ফেললে কী হবে, ওই ডাস্টবিন সঙ্গে সঙ্গে পরিষ্কারের কেউ নেই। কেউ নজর করলে খবর দিচ্ছেন আধিকারিকদের, তারপর সাফাই কর্মীদের কাছে যাচ্ছে সেই খবর। শেষমেশ ময়লা তোলার গাড়ি গিয়ে সেই ডাস্টবিন খালি করছে। এতদিন গঙ্গাসাগর মেলায় এভাবেই সাফ হতো আবর্জনা। এবার সেই পদ্ধতিতে বদল আসতে চলেছে। জেলা প্রশাসন ডাস্টবিন সাফ-সুতরো রাখতে মেলায় এআইয়ের সাহায্য নিচ্ছে। যখনই কোনও ডাস্টবিন উপচে পড়বে আবর্জনায়, সঙ্গে সঙ্গে আশপাশে লাগানো এআই যুক্ত সিসি ক্যামেরা সেটি নজর করে বার্তা পাঠাবে কন্ট্রোলরুমে। একইসঙ্গে কঠিন বর্জ্য নিষ্কাশন ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আধিকারিকদের মোবাইলেও যাবে মেসেজ। সেই মতো জানানো হবে সংশ্লিষ্ট কর্মীদের। এই কাজের জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে বলেও ঠিক হয়েছে।

Advertisement

এখানেই শেষ নয়। যে গাড়ি ময়লা তোলার জন্য ব্যবহার করা হবে, তাতে জিপিএস ট্র্যাকার লাগানো হবে। ফলে তাদের গতিবিধি বোঝা যাবে। সব ডাস্টবিনে থাকবে বিশেষ ধরনের কিউ আর কোড। সেখান থেকে ময়লা তোলার সময় সংশ্লিষ্ট কর্মীকে স্ক্যান করতে হবে। এর থেকে বোঝা যাবে, ডাস্টবিনগুলি দিনে কতবার সাফাই করা হল। পুরো বিষয়টির উপর নজরদারি চালাতে তৈরি হচ্ছে একটি বিশেষ অ্যাপ। জেলাশাসক থেকে প্রশাসনের আধিকারিকরা তার মাধ্যমে এই বর্জ্য সাফাইয়ের খুঁটিনাটি জানতে পারবেন। কেন এই উদ্যোগ? প্রশাসন সূত্রে খবর, মেলার সময় যাতে দীর্ঘক্ষণ জঞ্জাল পড়ে না থাকে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। যেখানে যেখানে এই ডাস্টবিন থাকবে, সেখানে এআই প্রযুক্তি যুক্ত ক্যামেরা লাগানো হবে। এই কাজের জন্য এজেন্সি ঠিক করতে ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে।

সম্পর্কিত সংবাদ