আমেদাবাদ: বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হয়ে এবার মামলা লড়বে খ্যাতনামা মার্কিন ল’ফার্ম ‘বিয়াসলে অ্যালেন’। বোয়িংয়ের বিরুদ্ধে আগেও তারা মামলা লড়েছে। ২০১৯ সালে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান দুর্ঘটনাতে আইনি লড়াইয়ের দায়িত্ব ছিল সংস্থাটির হাতে। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১৫৭ জনের। পাশাপাশি একাধিক অ্যাভিয়েশন মামলায় যাত্রীদের হয়ে লড়েছে এই ল’ফার্ম। এবার সেই সংস্থাকেই আমেদাবাদ দুর্ঘটনার আইনি লড়াইয়ের জন্য বাছল ক্ষতিগ্রস্ত ৬০ জনের পরিবার।
গত ১২ জুন আমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে বিমানবন্দরের কাছেই এক মেডিক্যাল কলেজের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমানে থাকা ২৪১ জনের। মারা যান ১৯ জন স্থানীয় বাসিন্দাও। সেই ঘটনায় আইনি লড়াইয়ের দায়িত্ব পেয়ে ইতিমধ্যেই আমেদাবাদ পৌঁছে গিয়েছেন বিয়াসলে অ্যালেনের প্রধান মাইকেল অ্যান্ড্রুজ। তিনি বলেছেন, ‘নিহতদের পরিবার ঠিক কী পরিমাণ সমস্যার শিকার হচ্ছে, তা জানতে ঘটনাস্থলে পৌঁছনো জরুরি। ভয়াবহ এই দুর্ঘটনা শুধু যাত্রীদের পরিবারের উপর প্রভাব ফেলেনি, একটা গোটা এলাকার বাসিন্দাদের চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। এই বিমান দুর্ঘটনার তদন্ত যাতে স্বচ্ছভাবে হয়, তা আমরা দেখছি।’