নিজস্ব প্রতিনিধি, বরানগর: সাতসকালে কেউ জল খাওয়ার নাম করে ঘরে ঢুকছে। কিছুক্ষণ পর বাড়ির লোক টের পাচ্ছেন, ল্যাপটপ, ফোন বা মানিব্যাগ উধাও। একটু সময়ের জন্য দরজা খোলা ছিল। সেই ফাঁকেই মোবাইল নিয়ে চম্পট দিয়েছে চোর। কখনও আবার এই ছিঁচকে চোরেরা কিছুটা দুঃসাহসী! মাঝরাতে ফাঁকা বাড়ির গ্রিল কেটে সর্বস্ব নিয়ে পগার পার হচ্ছে। এভাবেই চোরের দাপাদাপি চলছে আগরপাড়াজুড়ে। এই চোরদের বড় অংশ আবার মহিলা। ছেলে কোলে নিয়ে এলাকায় এমনভাবে ঘুরছে যে কারও সন্দেহ হওয়ার কথা নয়। ঘুরতে ঘুরতে তারা এলাকা রেকি করে নিচ্ছে। তারপর সময়-সুযোগ বুঝে চলছে ‘অপারেশন’। স্থানীয় একাধিক সিসি ক্যামেরায় চোরদের ছবিও ধরা পড়ছে। কখনও আবার হাতেনাতে চোর পাকড়াও করে পুলিসের হাতে তুলে দিয়েছে স্থানীয়রাই। পুলিস জানিয়েছে, এই দুষ্কৃতী দলের কিংপিন বা পান্ডার খোঁজে তল্লাশি চলছে। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছে, ট্রেনে চেপে এসে এই ধরনের ঘটনা ঘটিয়ে দুষ্কৃতীরা চম্পট দিচ্ছে।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগরপাড়া স্টেশন লাগোয়া বিস্তীর্ণ এলাকায় গত কয়েক মাসে ছিঁচকে চোরের দাপট বেড়েছে। গত সপ্তাহে সেনবাগান ২ নম্বর স্ট্রিটের বাসিন্দা চিন্ময় রায়ের বাড়িতে চুরির চেষ্টা হয়। সকাল ৯টা নাগাদ চিন্ময়বাবুর স্ত্রী বাড়ির সামনে বাগান পরিচর্যা করছিলেন। সেই সময় ছেলে কোলে এক মহিলা বাড়িতে ঢুকে ব্যাগ হাতাতে শুরু করলে গৃহকর্ত্রীর নজরে পড়ে। তিনি চিৎকার শুরু করায় লোকজন ছুটে এসে ওই মহিলাকে ধরে পুলিসের হাতে তুলে দেয়। আগরপাড়া এলাকার বড় অংশ পানিহাটি পুরসভার ৯নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। কিছু দিন আগে সেখানকার কাউন্সিলার তনুশ্রী ভৌমিকের বাড়ি লাগোয়া একটি বাড়িতে চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সকাল ৮টা নাগাদ এক মহিলা বাড়িতে ঢুকে দু’টি দামি মোবাইল নিয়ে পালাচ্ছে। চার নম্বর মহাজাতি এলাকার এক গৃহস্থ বাড়িতে ছেলে কোলে নিয়ে এক মহিলা জল খাওয়ার অছিলায় ঢোকে। গৃহবধূ জল আনতে অন্য ঘরে যেতেই ল্যাপটপ, মোবাইল ও মানিব্যাগ নিয়ে ওই মহিলা উধাও হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে, দিনের বেলা অনেকে রেকি করতে আসছে। তারা বাড়ির দরজা ও জানালার ধারে উঁকিঝুকি মারছে।
শুধু তাই নয়, পাঁচ নম্বর রেল গেটের কাছে ভোরবেলা ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। ভোর ৩টে ৪০ মিনিটের লোকাল ধরতে যাওয়া যাত্রীদের মানিব্যাগ ছিনতাই হচ্ছে। সমস্যার কথা মেনে নিয়েছেন তনুশ্রীদেবী। তিনি বলেন, ‘পুলিস আগের থেকে অনেক বেশি সজাগ। কিন্তু দুষ্কৃতীরা সাধারণ মানুষের মতোই এলাকায় ঢুকছে এবং মুহূর্তের মধ্যে চুরি করে চম্পট দিচ্ছে। মানুষকে আমরা সতর্ক থাকতে বলছি। পুলিসের কাছেও আবেদন, দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করুন।’